বিরোধীদল দমন করে সরকারের শেষ রক্ষা হবে না: টুকু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ

বর্তমান আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের সব ব্যবস্থা করেছে এমন মন্তব্য করে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, এভাবে বিরোধী দল দমন করে বিশ্বের কোনো স্বৈরশাসক গদি রক্ষা করতে পারেনি। আপনারাও পারবেন না। সাহস থাকলে বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দিন দেখবেন জনগণের প্রবল স্রোত আপনার সিংসহানের দিকে কীভাবে ধেয়ে যায়! কারণ জনগণ চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।
শনিবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, দেশের মানুষ ভয়ংকর দুঃসময়ের মধ্যে বসবাস করছে। তাদের কথা বলা ও লেখার স্বাধীনতা নেই।
টুকু বলেন, আমাদের সবার দম এখন বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ। মানুষ এখন অস্থির হয়ে গেছে। তারা চায় সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই ভয়াবহ দানব সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার, একটা দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করব ইনশা আল্লাহ।
এসময় টুকু আরও বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি। সেই আন্দোলনের মধ্য দিয়ে এই দানব সরকারকে আমরা পরাজিত করি।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সহসভপতি মোহাম্মদ সাহেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মনজুরুল আজিম সুমন, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমদ উজ্জ্বল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ