বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও ঈদ যাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৯, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও ঈদ যাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৫, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৫, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আমাদের দেশে আসন্ন ঈদযাত্রায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৪ মার্চ ) বিকেলে সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আমাদের দেশে আসন্ন ঈদ যাত্রায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। আমরা শান্তির পক্ষে। আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।’

যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের পদক্ষেপ কী- সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এ সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার। জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যা যা করণীয়, সে বিষয়ে সরকার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সরকারের এই প্রস্তুতির কারণে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

এর আগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আপনাদের কাছে ভোট চাইতে এসে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই শহরের বিভিন্ন সমস্যাও ধাপে ধাপে সমাধান করা হবে। আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন, তা শতভাগ পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অনুষ্ঠানের আয়োজক শফিকুর রহমান সুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী সিলেট নগরীতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ