বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই আছে, আমরা জানি না’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই আছে, আমরা জানি না’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩ ২:৫৩ পূর্বাহ্ণ

 

বাংলার ইতিহাস বিশ্বাসঘাতকের ইতিহাস। আমাদের মধ্যেই বিশ্বাসঘাতক লুকিয়ে আছে,আমরা জানিনা। এরা পদে পদে আছে। এরা আমাদের মধ্যেই আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি শেখ হাসিনাকে নিয়ে উদ্বেগ প্রকাশ আরো বলেন, আমাদের মনে রাখতে হবে, বেহুলার বাসরঘরে ছিদ্র করে বিষাক্ত সাপ ঢুকিয়ে দেওয়া হতে পারে। এই বিষাক্ত সাপ থেকে আমাদের সাবধান থাকতে হবে।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বাসঘাতকদের জন্য এদেশে ওয়ান ইলেভেন হয়েছে। এদেশে ৭৫ সালে বিশ্বাসঘাতকতা না করলে বঙ্গবন্ধুকে হত্যার দুঃসাহস কারো হত না। আজকে আমরা নেত্রীকে (শেখ হাসিনা) নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সুসংগঠিত। আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিও হয়েছে। কিন্তু আমাদের নেত্রীর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ এই বীরের দেশেই বিশ্বাসঘাতক আছে। বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে, তারা কোনদিন সফল হবে না।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে। দুর্যোগ, দুর্দশা, শীত, অতিমারি, অতিবৃষ্টি, বন্যা, ঝড়, দুঃখ-কষ্টে মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে আওয়ামী লীগ।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ১০ দফা কেউ মানে? কেউ মানবে? বিএনপির দশ দফা ভুয়া, ৫৪ দল ভুয়া, ৫৪ দলের ৫৪ মত, ৫৪ দলের ৫৪ পদ। তারা নাকি ১০ দফা করবে, ১০ দফা ভুয়া। ভুয়া কথা বাংলার জনগণ মানে না, মানবে না, মানতে পারে না।

তিনি আরো বলেন, আসল খেলা ফখরুল আপনি এখনো দেখেননি। আন্দোলনের মাধ্যমে ১০ দফা উড়ে যাবে। আবারো নাকে খত দিয়ে নির্বাচনে আসেন কি না, তা দেখার অপেক্ষায় আছি। আসল খেলা হবে নির্বাচনে।

বিএনপির আন্দোলনে জনগণ নেই দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খেলা এখনও শুরু করিনি। খেলা শুরু করলে কোথায় যাবেন? তিনি বলেন, কোনও ব্যক্তি হঠাৎ বাঁশিতে ফু দিলেন, আর স্বাধীনতা চলে আসলো তা নয়, আচমকা আসমান থেকে স্বাধীনতা আবির্ভ‚ত হয়নি। স্বাধীনতার বীর বাঙালিরা হাজার বছর ধরে জীবন দিয়েছে এই স্বাধীনতার জন্য। স্বাধীনতা একদিনে আসেনি। কোনও কোনও রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের কথা বলে, এই দেশে গণঅভ্যুত্থান একবারই হয়েছিল। ৯০-এ যেটা হয়েছে সেটা গণআন্দোলন, গণঅভ্যুত্থান না। এরশাদের ভিত দুর্বল ছিল বলে গণআন্দোলনে পদত্যাগ করেছিল।

তিনি একই দিনে অন্য একটি অনুষ্ঠানে বলেন, নতুন সড়ক আর নয়, নির্বাচনের আগে নতুন করে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না। সড়ক তো অনেক হলো এবার সড়কে শৃংখলা ফেরাতে হবে এবং সড়ক দুর্ঘটনা এড়াতে হবে। এসময় সেতুমন্ত্রী পরিবহন নিয়ন্ত্রনে জেলা প্রশাসকদের দিক নির্দেশনা দেন।

উল্লেখ্য, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠকে এসব নির্দেশনা দেন। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়নমূলক অবকাঠামো উন্নয়ন যেমন- মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পদ্মাসেতু এখন দৃশ্যমান। এগুলো নিয়ে বলার কিছু নেই। আমরা নির্বাচনের আগে নতুন করে আর রাস্তা দেব না। যে রাস্তা বিদ্যমান আছে, তা মেরামত করে ব্যবহারযোগ্য করতে হবে। সড়ক সংরক্ষণ করা হবে প্রথম ও প্রধান কাজ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ