বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা করছে বিএনপি: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা করছে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২, ২০২২ ৮:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২, ২০২২ ৮:০১ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোন ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময় ক্ষেপনের জন্য নিজ বলয়ে সংলাপ করছে। বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে। কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।

বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষোদগার করে চলেছে এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, এখন তারা বলছেন আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।

ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাক-সংযমী হওয়ার আহবান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি, আমাদের ভাষায় কোন প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি, অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।

বিএনপি নেতারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সহিত উচ্চারণ করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তারা স্লোগান দেয়, ৭৫’ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, – এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়- এটা কি কখনো মেনে নেওয়া যায়? প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এর চেয়ে আর নোংরা ভাষা কি হতে পারে?

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন। জনগণ মনে করে- আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে- এটাই স্বাভাবিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ