বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছে: সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ

পেকুয়া-চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) চকরিয়ায় এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।
পথসভায় তিনি বলেন, ‘আপনারা আমার পক্ষ থেকে সালাম মা-বোনদের ঘরে ঘরে পৌঁছে দেবেন। গণতন্ত্র ও দেশের উন্নয়নের প্রতীক ধানের শীষ মানুষের মধ্যে ছড়িয়ে দিন।’
তিনি আরও উল্লেখ করেন, ধানের শীষ দেশের মানুষ ও গণতান্ত্রিক শক্তির প্রতীক।
তিনি দোয়া ও মোনাজাতে বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে তিনি নিজে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের সাধারণ মানুষের মতো বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।’
তিনি বলেন, ‘সাবেক ফ্যাসিস্ট হাসিনা সরকার বেগম খালেদা জিয়া ও সাধারণ জনগণের ওপর দমন-নিপীড়ন চালিয়েছে। আমাদের কাছে বিভিন্ন রিপোর্ট আছে- বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইজ্জত ও মর্যাদার মালিক আল্লাহ। তিনি যাকে ইজ্জত দেন তাকেই সম্মানিত রাখেন। আমরা চাই, আল্লাহ বেগম খালেদা জিয়ার মর্যাদা বৃদ্ধি করুন এবং দেশের উন্নতি ও মানুষের ঐক্যের জন্য তাকে জীবিত রাখুন।’
পথসভায় তিনি স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি আরবি ভাষায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশের শান্তি, আইন-শৃঙ্খলা, জাতীয় ঐক্য এবং জনগণের কল্যাণ কামনা করেন।
সভায় উপস্থিত জনগণ ও নেতা-কর্মীরা বক্তার প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেন। দীর্ঘদিন পর এলাকার নেতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জনতার আওয়াজ/আ আ