ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন ২ ঘণ্টায় ভোট পড়েছে ৫ শতাংশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন ২ ঘণ্টায় ভোট পড়েছে ৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৫, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া থেকে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে সকাল ১০ টা পর্যন্ত ৫ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম এ তথ্য জানান। তিনি বলেন, ২ ঘণ্টার এই ফিগার আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তবে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হচ্ছে বলে জানান তিনি। এদিকে সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি নেই।
সকালে প্রথম এক ঘণ্টায় কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে ভোটের এ চিত্র দেখা যায়।
সকাল সাড়ে ৯ টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার তারুয়া শালুকপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট পড়ে ৮৭টি এবং একই সময়ে সোহাগপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোট পড়েছে ৮৭টি।
এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আড়াই হাজার পুলিশ-আনসারের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৮টি দল দায়িত্ব পালন করছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, এই উপনির্বাচনকে কেন্দ্র করে আমরা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নির্বাচনে ৮০০ পুলিশ ও ১৫৮৪জন আনসার মোতায়েন রয়েছে। এছাড়া বিজিবি ও র‍্যাব সদস্যরা মাঠে কাজ করবেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয় পান বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঞা। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করলে ১লা ফেব্রুয়ারিতে এই আসনে উপনির্বাচন হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বীতা করে আওয়ামী লীগের সমর্থনে আবারো জয়ী হন উকিল আবদুস সাত্তার ভূইয়া।

গত ৩০শে সেপ্টেম্বর তার মৃত্যুতে ৪ঠা অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে আবারও উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। এই উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি জিয়াউল হক মৃধা। তবে ভোটারদের দাবি লড়াই হবে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কলারছড়ি প্রতীকে।
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২ জন। এরমধ্যে সরাইল উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ৬০৫জন ও আশুগঞ্জ উপজেলায় এক ৪৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ