ভারত-চীনের টানাটানির মধ্যে পড়েছে সরকার : মান্না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ৬, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ৬, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সরকার এখন ভারত ও চীনের দুই রশির টানাটানির মধ্যে পড়েছে। চীন চায় না ভারত বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট করুক। আগামী দিনে এই সরকারের অবস্থা আরও খারাপ হবে। বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শনিবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন আয়োজিত আলোচনায় এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে মান্না বলেন, আপনি বলেছেন, আমার আর কিছু চাওয়ার নেই। যদি কিছুই না চান তাহলে এত ভন্ডামি করে দেশটা খেয়ে ফেলছেন কেন? এখন মোদির পারমিশন নিয়ে তিনি চীনে যাবেন। এটা বড়ই দুঃখজনক। তাদের সবচেয়ে বড় বন্ধু ভারত টাকা দিতে পারছে না। যুক্তরাষ্ট্রও ঋণ দিবে না। সরকার এখন চীনের কাছে ঋণের জন্য হাত বাড়াচ্ছে। সরকার এখন ভারত ও চীনের দুই রশিতে টানাটানির মধ্যে পড়েছে। চীন কখনো চায় না ভারত বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন ট্রানজিট করুক। সরকার যে সংকটে পড়েছে তা থেকে বেরোনোর পথ নেই।
তিনি বলেন, জানুয়ারি নির্বাচনে দেশের মানুষের জয় হয়েছে আর আওয়ামী লীগ সরকার হেরে গেছে গণতন্ত্রের কাছে। কারণ দেশের মানুষ ভোট দিতে যায়নি। এই ধরনের ফ্যাসিস্ট গভর্মেন্টের নিয়মই হবে তাদের ক্ষমতায় থাকার জন্য বল প্রয়োগ করতে হবে। সেজন্য তাদের সকল ক্ষেত্রে মদদ দিবে।
তিনি আরও বলেন, সাবেক আইজিপি বেনজীর বিদেশে পালিয়ে গেল। কিন্তু তার পাসপোর্ট কোন ইমিগ্রেশনে চেক হয়েছে, এটা কেউ জানে না। অথচ বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীরা বিদেশে যাওয়ার সময় তাদের পাসপোর্ট আটকানো হয়। রাষ্ট্রের গতিমত সবসময় কল্যাণের দিকে হবে, এটাই সত্য। কিন্তু যে রাষ্ট্র কোন লুটেরা সরকার চালায় সেই রাষ্ট্র কোথায় যাবে। আগামী দিনে এই সরকারের অবস্থা আরও খারাপ হবে। কিন্তু আমাদের জন্য আগামী দিনগুলো অনেক ভালো। আমরাই পারব এই ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগ করাতে।
দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে প্রাথমিক বক্তব্য রাখেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডাভোকেট সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদ নাজমুল হক প্রধান, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা এবং জেএসড ‘র সিনিয়র সহসভাপতি তানিয়া রব।
জনতার আওয়াজ/আ আ