ভারতেও নজরদারি চালিয়েছে চীনের গোয়েন্দা বেলুন: যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

গত সপ্তাহ মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ছুড়ে চীনের একটি কথিত গোয়েন্দা বেলুন ভূপাতিত করে। এ ঘটনার পর এখন দেশটির কর্মকর্তারা দাবি করছেন, শুধু যুক্তরাষ্ট্রে নয়, গোয়েন্দা বেলুন ব্যবহার করে পৃথিবীর পাঁচটি মহাদেশের বিভিন্ন দেশের ওপর নজরদারি চালিয়েছে চীন। যার মধ্যে ভারতও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসি বৃহস্পতিবারে (৯ ফেব্রয়ারি) প্রকাশিত প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে। অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, ‘শুধুমাত্র যুক্তরাষ্ট্র এই নজরদারি কার্যক্রমের লক্ষ্য ছিল না।’
সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কর্মকর্তারা বিশ্বাসন করেন যে, ওই নজরদারি বেলুনের কার্যক্রম পরিচালিত হচ্ছিল চীনের উপকূলীয় হাইনান প্রদেশ থেকে এবং তারা নজরদারি চালিয়েছে ভারত, জাপান, ভিয়েতনাম, তাইওয়ান এবং ফিলিপাইনে।
অ্যান্থনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ভূপাতিত বেলুনের ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত তথ্য বেশ কয়েকটি দেশের সঙ্গে শেয়ার করেছে যুক্তরাষ্ট্র।
চীন অবশ্য বেলুন দিয়ে গোয়েন্দা নজরদারি চালানোর দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি এটি একটি আবহাওয়া যন্ত্র। যেটি বাতাসে ভেসে যুক্তরাষ্ট্রে চলে যায়।
এদিকে মার্কিন কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, বেলুনটির আয়তন ২০০ ফুট লম্বা ছিল। যা একটি বিমানের সমান। আর এটির ওজন কয়েকশ পাউন্ড বা কয়েক হাজার পাউন্ডও হতে পারে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, যুক্তরাষ্ট্রের বিশ্বাস চীন বেলনু দিয়ে নজরদারি চালিয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকায়, দক্ষিণ পূর্ব এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় এবং ইউরোপে।
ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, ‘আমরা এ বেলুন সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং কিভাবে এ বেলুন শনাক্ত করা যায় সেটিও শিখেছি।’
এ সেনা কর্মকর্তা জানিয়েছেন, পাঁচটি মহাদেশেই নজরদারি চালানোর জন্য বেলুন ব্যবহার করা হয়েছে। কিন্তু স্থানভেদে এগুলোর আকার ও বৈশিষ্ট্য ভিন্ন ছিল। এছাড়া যুক্তরাষ্ট্রে একাধিকবার এ বেলুন ব্যবহার করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ