ভিসা নীতি নিয়ে ভয়ের কিছু নেই : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগেরও চাওয়া। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে, সে ক্ষেত্রে এ দেশের জনগণ ওই ব্যক্তি বা গোষ্ঠীকে স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ভিসা নীতি নিয়ে ভয়ের কিছু নেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সংবিধানের ৭ অনুচ্ছেদে বর্ণিত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। যদি কোনো কারণে নির্বাচন বানচালের কোনো পদক্ষেপের ক্ষেত্রে যারা উদ্যোগ নেবে বাংলাদেশের জনগণ তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।’
তিনি বলেন, ‘মার্কিন ভিসা নীতি প্রয়োগের ঘোষণায় বিরোধীদের কথাও বলা হয়েছে। এবার বিএনপি জ্বালাও-পোড়াও করতে পারবে না। এতে জনগণের জীবন বাঁচবে।’
সরকারপ্রধান বলেন, ‘কে নিষেধাজ্ঞা দিল আর কে দিল না, তাতে কিছু যায়-আসে না। আমার ছেলেও এখানে আছে। সে ব্যবসা-বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, সম্পত্তি আছে, বাড়িঘর আছে। যদি বাতিল করে, করবে। তাতে কিছু আসে-যায় না। আমাদের বাংলাদেশ তো আছেই।’
কে নিষেধাজ্ঞা দেবে বা দেবে না, তা নিয়ে ভয়ের কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যারা নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। ভিসা নীতির মাধ্যমে আওয়ামী লীগকে টার্গেট করলে কিছু বলার নেই। কারো শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসিনি। জনগণের ওপর নির্ভর করে ক্ষমতায় এসেছি এবং আছি। শুধু আওয়ামী লীগকে টার্গেট করলে আমার কিছু বলার নেই। আমরা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।’
তিনি আরো জানান, তার সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) আওতা থেকে বের করে এনে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রথম আইন প্রণয়নের পাশাপাশি তাদের সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা স্বচ্ছ ব্যালট বাক্স এবং ছবিসহ ভোটার তালিকা প্রবর্তনের প্রস্তাব করেছেন।
সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, ‘কোনো অপপ্রচারে কান দেবেন না। কিছু লোক আছে, যারা দেশের কল্যাণ চায় না। প্রবাসীরা সচেতন থাকলে এ স্বার্থান্বেষী মহল সফল হতে পারবে না।’ এ সময় তিনি যথাযথ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।
আগামী নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘জনগণ সঠিকভাবে ভোট দেবে। বাংলাদেশের জনগণের অন্তত অনুধাবন করা উচিত যে তারা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা লাভ করেছে এবং নৌকার পক্ষে ভোট দেয়ায় আজ জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে।’
তিনি বলেন, ‘নৌকায় ভোট দেয়ার কারণে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। যারা বিদেশে থাকেন, তাদের বুঝতে হবে বিএনপি-জামায়াতের শাসনামলে বিদেশে কারো সঙ্গে কথা বলা যেত না, এখন মানুষ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে।’
জনতার আওয়াজ/আ আ