ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ১৪, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ১৪, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
নতুন সিনেমা ‘ককটেল টু’-এর প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা। সম্প্রতি ছবিটির প্রচারণার অংশ হিসেবে ভারতের পুনের একটি শপিং মলে হাজির হয়েছিলেন তারা। তবে ভক্তদের উচ্ছ্বাস একপর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নিলে বিপাকে পড়েন তিন তারকাই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তারকাদের একনজর দেখতে বিপুলসংখ্যক ভক্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে সামনে চলে আসেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে বাধ্য হন আয়োজকেরা।
এ সময় ভিড়ের মধ্যে রাশমিকা মান্দানাকে আগলে রাখতে দেখা যায় কৃতি স্যাননকে। নিরাপত্তাকর্মীরা যখন তিন তারকাকে নিরাপদে বের করে আনার চেষ্টা করছিলেন, তখন কৃতি শক্ত করে রাশমিকার হাত ধরে তাকে চারপাশের ধাক্কাধাক্কি থেকে রক্ষা করার চেষ্টা করেন। পুরো সময়ই তাকে সতর্ক ও সজাগ দেখা যায়।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতির এই আচরণের প্রশংসা করছেন ভক্তরা। অনেকেই মন্তব্য করেছেন, কৃতি যেন বড় বোনের মতো রাশমিকাকে আগলে রেখেছিলেন। কেউ কেউ তাদের বন্ধুত্বের প্রশংসা করেছেন, আবার অনেকে অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এদিকে ‘ককটেল টু’ পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘ককটেল’-এর ভাবধারায় নির্মিত নতুন এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা। প্রেমের ত্রিভুজকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প।
আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ককটেল টু’-এর।
জনতার আওয়াজ/আ আ