ভুয়া মামলার আসামিরা প্রাথমিক তদন্তেই রেহাই পাবেন: আসিফ নজরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভুয়া মামলার আসামিরা প্রাথমিক তদন্তেই রেহাই পাবেন: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

ভুঁইয়া মামলার আসামি
 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির একটি সংশোধন অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, নতুন এই সংশোধন অনুযায়ী, ভুয়া মামলা কিংবা মামলার ভুয়া আসামিরা এখন থেকে প্রাথমিক তদন্তের পরেই সংশ্লিষ্টতা না থাকা সাপেক্ষে রেহাই পাবেন।

রবিবার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, নতুন বিধানে বলা হয়েছে, কমিশনার, এসপি বা এসপি পদমর্যাদার কোনো পুলিশ কর্মকর্তা তাঁর নিয়ন্ত্রণাধীন কোনো মামলার বিষয়ে যদি মনে করেন, তদন্ত কর্মকর্তার কাছে প্রাথমিক প্রতিবেদন চাওয়া যৌক্তিক, তাহলে তিনি তা চাইতে পারবেন। প্রতিবেদন প্রস্তুত হলে তখন তা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার নির্দেশ দেবেন। ম্যাজিস্ট্রেট যদি দেখেন, মামলায় কোনো আসামিকে বিনা অপরাধে জড়ানো হয়েছে, যাঁর বিরুদ্ধে যথাযথ কোনো প্রমাণ নেই, তখন তিনি (ম্যাজিস্ট্রেট) সঙ্গে সঙ্গে তাঁকে (বিনা অপরাধে জড়ানো ব্যক্তি) মুক্তি দিতে পারবেন।

আসিফ নজরুল বলেন, ‘আমরা আশা করছি, আমাদের পুলিশ প্রশাসন ও আদালত প্রশাসন একসঙ্গে কাজ করবে। যেসব মামলায় গ্রেপ্তার বা মামলা বাণিজ্য হচ্ছে, তাঁদের আদালত প্রিট্রায়াল স্টেজে মামলা থেকে মুক্তি দিতে পারবেন।’

এ উদ্যোগ বাস্তবায়িত হলে অনেক নিরপরাধ মানুষ হয়রানি থেকে বেঁচে যাবেন বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, তখন মামলা–বাণিজ্য থেকে অনেকে রেহাই পাবেন। কিন্তু এর মানে এই নয় যে মামলার তদন্ত থেমে থাকবে। তদন্ত চলতে থাকবে। আবার পুলিশ যদি পরবর্তী সময়ে দেখে, আগে যাঁদের মামলা থেকে রেহাই দেওয়া হয়েছে, তাঁদের বিরুদ্ধে পরে প্রকৃত প্রমাণ পাওয়া গেছে, তখন তাঁদের নাম আবার মামলায় যুক্ত করতে পারবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ