ভোট ডাকাতি করে ফের ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন হবে না : মান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট ডাকাতি করে ফের ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন হবে না : মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১২, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১২, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ

 

নিজেদের ভালো মানুষ দাবী করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা কারো খারাপ চাই না। বেশি খারাপ হওয়ার আগেই চলে যান (প্রধানমন্ত্রীকে)। ক্ষমতা থেকে চলে যান। তাইলে ভোট করতে পারবেন। গায়ের জোরে ভোট করতে যাবেন, ভোট করতে পারবেন না। ভোট ডাকাতি করে আরেকবার ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন হবে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ১৫ দিন ধরে প্রধানমন্ত্রী জাপান, ইংল্যান্ড, আমেরিকা ঘুরে আসলেন। সাধারণত জানি, প্রধানমন্ত্রী বিদেশ সফর করে আসলে এক দু’দিনের মধ্যেই সংবাদ সম্মেলন করেন। তারপর প্রেসিডেন্টের কাছে যান সেখানে গিয়ে তিনি কী কী কাজ করছেন সে কথা বলেন। কী কী অর্জন করলেন তা জানান। এইবার তিনি কোনো কিছু অর্জন করেননি, রাষ্ট্রপতির সাথে দেখা করেননি। আর কাউকে না জানিয়ে শুধু গণতন্ত্র মঞ্চের সভা পন্ড করে দিয়ে বিদেশীদের সাথে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কথা বললেন। কী কথা বিদেশীদের সাথে? খুব বড় বিপদে নাকি সরকার?

দুদিন থেকে পত্রপত্রিকায় দেখছি সারা দুনিয়ায় জিনিসপত্রের দাম কমেছে উল্লেখ করে তিনি বলেন, শুধু বাংলাদেশের জিনিসপত্রের দাম বাড়ছে। কেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি? নিত্য প্রয়োজনীয় জিনিসের জাহাজ গভীর সমুদ্রে আছে। ওই মাল খালাস করা যাচ্ছে না। কারণ আমাদের কাছে ডলার নাই। এটাও পত্রিকায় ছাপানো হয়েছে। আমি সরকারের খুঁত ধরছি না। পত্রিকায় লিখেছে সে কথাই বলছি।

প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রক্ষমতা বিএনপি-জামায়াতের হাতে গেলে ধ্বংস হয়ে যাবে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, আসেন ভোট করলে আপনাদের ক্ষমতার ভাগ দেব! তাহলে কোনটা ঠিক? তার মানে দুইটাই ভুয়া! জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে। তারা এই দেশ পরিচালনা করতে পারবে। এমন হুঁশিয়ারি দেন মান্না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আপনার উন্নয়ন তো আইয়ুব খানের মডেল। জেনারেল এরশাদের মডেল। বড় বড় প্রকল্প করলেন বড় বড় প্রকল্প যদি উন্নয়নের মডেল হয় তাহলে আইয়ুব খান ও জেনারেল এরশাদকে সালাম দিয়ে আপনার উন্নয়নের আলাপ করেন। রাষ্ট্র ক্ষমতা দখল করে বড় বড় প্রকল্প নিয়ে উন্নয়নের নামে আসলে মানুষের অর্জিত ধন সম্পদ লুট করে বিদেশে পাচার এই উন্নয়নের মডেল মানুষ গ্রহণ করে নাই। ফলে তৈরি হয়েছিল ৬৯, তৈরি হয়েছিল ৯০-এর গণআন্দোলন। আগামীতে যদি ভালোই ভালো জনগণের দাবি মেনে ক্ষমতা না ছাড়েন। আসন্ন গণঅভ্যুত্থান কেউ ঠেকাতে পারবে না।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের তাসলিমা আকতার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ