ভোটারবিহীন নির্বাচন করতে পারবে না আ’লীগ সরকার: ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ১৫, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ১৫, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার চাইলেও এবার ভোটারবিহীন নির্বাচন করতে পারবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম, ঢাকার কাওলায় দেওয়া প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ‘যেভাবেই হোক এ দেশে নির্বাচন হবেই’-এর প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা চান যে বিনা ভোটারের মাধ্যমেই তিনি নির্বাচিত হবেন, সেটা এবার হবে না। ২০১৪ এবং ২০১৮-তে যেটা করতে পেরেছেন, এবার সেই নির্বাচন আপনি করতে পারবেন না। কারণ এবার মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে করে সেটা সম্ভব হবে না।
ফখরুল বলেন, একটা কথা সব সময় মনে রাখতে হবে, আমরা একা নই। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, পশ্চিমা বিশ্ব তাদের কমিটেড টু ডেমোক্রেসি, এটার ওপর আমাদের বিশ্বাস রাখতে হবে। তারা যে কমিটমেন্টে আছে, তাদের কমিটমেন্ট সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, আমরা যারা লড়াই করছি, সংগ্রাম করছি, আরো দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে।
আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়ার ও তারেক রহমান সাহেবের দেখানো পথে আমাদের বিজয় আসবেই। রাজপথেই ফয়সালা করার জন্য আমরা রাজপথে নেমেছি, চূড়ান্ত বিজয় আমরা অর্জন করতে সক্ষম হব। এবং সেখানে বাংলাদেশের দ্বিতীয় মুক্তি সম্ভব হবে বলে, মন্তব্য করেন ফখরুল ইসলাম।
মির্জা ফখরুল বলেন, আসল কথা, উনি (শেখ হাসিনা) বলে দিয়েছেন ‘তোমরা যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই’। অর্থাৎ যে যা-ই বলুক, মার্কিন যুক্তরাষ্ট্র যা-ই বলুক, ইউরোপীয় ইউনিয়ন যা-ই বলুক, আমরা রাজনৈতিক দলগুলো যা-ই বলি, ওনার ওই সোনার হরিণ চাই। অর্থাৎ ক্ষমতায় কাউকে যেতে দেব না। এবং সংকটটা ওই জায়গায়।
বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ