ভোটের আগে ‘ফোঁস’ করে, পরে আর করে না : সরকার দলীয় এমপি আব্দুল মালিক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪০, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটের আগে ‘ফোঁস’ করে, পরে আর করে না : সরকার দলীয় এমপি আব্দুল মালিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৯, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৯, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
নির্বাচনের সময় ভোটারদের নানা প্রলোভন দেখিয়ে পরে তা ভুলে যাওয়ার একটি চমৎকার বাস্তব চিত্র জাতীয় সংসদে গল্পচ্ছলে তুলে ধরেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক। ভোটের দিন এক বৃদ্ধাকে ‘কোক’ পানের প্রলোভন দেখানোর গল্প শুনিয়ে তিনি বলেন,‘উনারা তখন ভোটারকে বললেন– ভোটের আগে ফোঁস করে, ভোটের পরে আর ফোঁস করে না।’

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মজার অভিজ্ঞতার কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বক্তব্যের শুরুতে সাধারণ সংসদ সদস্যদের জন্য সংসদে পর্যাপ্ত সময় বরাদ্দের অনুরোধ জানান এমপি আব্দুল মালিক। তিনি বলেন, ‘আমাদের সম্মানিত মন্ত্রী ও সিনিয়র নেতারা বিভিন্ন জায়গায় কথা বলার সময় পান। কিন্তু আমাদের সাধারণ সদস্যদের কোনো জায়গা নেই, আমাদের ফোরাম একটাই– এই পার্লামেন্ট বা জাতীয় সংসদ। তাই এখানে সময়ের দিকে একটু লক্ষ্য রাখার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করবো।’

নিজের নির্বাচনী এলাকার রাজনৈতিক উত্তাপ ও বাধা-বিপত্তির কথা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, “আমার এলাকা আর মাননীয় বিরোধীদলীয় নেতার এলাকা একই। সেখানে অনেক কিছু সহ্য করে, অনেক কিছুর বিনিময়ে আমি এই পার্লামেন্টে আসতে পেরেছি। আপনারা জান্নাতের টিকিটের কথা শুনেছেন। কেউ বোরকার কথা কিংবা সালোয়ার-কামিজের কথা শুনেছেন কি না, আমি জানি না।”

এরপর নির্বাচনের দিনের একটি চমৎকার গল্প তুলে ধরে আব্দুল মালিক বলেন, “নির্বাচনের দিন ভোটকেন্দ্রের আশপাশে ভোটার স্লিপ দেওয়ার জন্য প্রার্থীদের এজেন্টদের ক্যাম্প থাকে। তেমনই এক ‘জান্নাতি ক্যাম্পে’ আমার এক বৃদ্ধা মা ভোট দিতে যাওয়ার পথে ডাক পেলেন। সেখানে যাওয়ার পর তিনি তৃষ্ণার্ত হয়ে একটু পানি চাইলেন। তখন উনাকে একটি কোক দেওয়া হলো। মাননীয় স্পিকার আপনি জানেন, কোক খুললেই ফোঁস করে একটা শব্দ হয়।”

তিনি আরও বলেন, “আমার ওই বৃদ্ধা মা ভোট দিয়ে আসার পর একই ক্যাম্পে আবার গেলেন। গিয়ে বললেন, আমাকে আরেকটু পানি দেন। উনারা তখন তাকে সাদা পানি দিলেন। বৃদ্ধা বললেন, ‘না, আমাকে ওই ফোঁস করে যে শব্দ হয়, সেই পানিটা দেওয়া হোক।’ তখন উনারা বললেন—‘ভোটের আগে ফোঁস করে, ভোটের পরে আর ফোঁস করে না’।”

সংসদে হাসির খোরাক জোগানো এই গল্পের পর স্পিকারকে ধন্যবাদ জানিয়ে আব্দুল মালিক বলেন, ‘আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনবান্ধব বাজেটের ওপর আমার বক্তব্য পেশ করছি।’ এরপর তিনি বাজেটের বিভিন্ন দিক নিয়ে তার মূল আলোচনা শুরু করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ