মধ্যপ্রাচ্যগামী ৭৪ ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৭, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মধ্যপ্রাচ্যগামী ৭৪ ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধপরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল রবিবার (১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। বিপর্যস্ত ফ্লাইট শিডিউল সম্পর্কে তথ্য দিতে হটলাইন চালু করেছে সরকার।

তবে দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল এ ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ঘোষণায় নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়।

ফ্লাইট বাতিলের ঘোষণায় মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। এর মধ্যে অনেকেরই ছিল ভিসা মেয়াদের শেষ দিন। কেউ কেউ বিমান বন্দরে শনিবার থেকে অপেক্ষা করছেন। তারা ঠিক জানেন না কখন যেতে পারবেন। তাদের থাকার কোনো ব্যবস্থাও করা হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। বিমানবন্দর থেকে ট্রাভেল এজেন্ট বা যাদের কাছ থেকে টিকিট কিনেছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। অন্যদিকে সিভিল অ্যাভিয়েশন ও বিমান বন্দরের পক্ষ থেকে খোঁজ-খবর নিয়ে যাত্রীদের বিমানবন্দরে আসতে বলা হয়েছে। তাদের বিমানবন্দরে ভিড় না করার জন্য আহ্বান জানানো হয়।

এরই মধ্যে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুল মিল্লাত এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দর পরিদর্শন করেন। তবে তাতে যাত্রীদের ভোগান্তি কমছে না। যাত্রীদের অভিযোগ, পরিস্থিতির গভীরতা তারাও বুঝতে পারছেন। কিন্তু কোনো তথ্য পাচ্ছেন না। কার সঙ্গে যোগাযোগ করবেন তাও বুঝে উঠতে পারছেন না।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বাতিল করা হয় ৪০টি ফ্লাইট। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে আছে জাজিরা এয়ারওয়েজের ২টি, এমিরেটস এয়ার লাইনসের ৫টি, গালফ এয়ারের ২টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কাতার এয়ার ওয়েজের ২টি, সালাম এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, কুয়েত এয়ার ওয়েজের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি এবং বিমানের ৯টি।

এর আগের দিন ২৮ ফেব্রুয়ারি শনিবার মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে রয়েছে এমিরেটসের ১টি, গালফ এয়ারের ১টি, ফ্লাই দুবাইয়ের ১টি, এয়ার অ্যারাবিয়ার ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ৬টি এবং বিমানের ১১টি।

এ ছাড়া আজ সোমবার ১১টি ফ্লাইট বাতিল করার আগাম ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে আছে কাতার এয়ার ওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৫টি এবং গালফ এয়ারের ২টি। এই সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যগামী যেসব কর্মীর ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, তাদের সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হটলাইন চালু করেছে। ভুক্তভোগীদের এই হটলাইনে যোগাযোগের অনুরোধ করেছে মন্ত্রণালয়। এতে বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধপরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ রয়েছে। এ কারণে সেসব দেশে গমনেচ্ছু কর্মী যাদের ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, তাদের সহায়তার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় সার্বক্ষণিক তথ্য প্রদানে হটলাইনে (১৬১৩৫ টোল ফ্রি) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দর থেকে ২০ ফ্লাইট বাতিল
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে আসা মোট ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল রাতে শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল দিনভর চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে আসাসহ মোট ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট (অ্যারাইভাল ফ্লাইট ৯টি এবং ডিপার্চার ফ্লাইট ৫টি) বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে গত শনিবার অ্যারাইভাল ও ডিপার্চার ফ্লাইট মিলে ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শনি ও রবিবার মিলে চট্টগ্রাম থেকে ২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ