মরহুমা খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতি,প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য,তিন বাহিনীর প্রধান এবং বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল পোনে পাঁচটার দিকে জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হওয়ার পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে মরহুমা খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। পরে উপদেষ্টা পরিষদের সদস্যরা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মরহুমা নেত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এর পক্ষ থেকেও ফুল দেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও শ্রদ্ধা নিবেদন পর্বে দেশের রাজনৈতিক অঙ্গন, কূটনৈতিক মহল এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করে।
জনতার আওয়াজ/আ আ