মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি, জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ৩০, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ৩০, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি
ছবি: সংগৃহীত
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীর নাম তৌফিক ইসলাম নাবিল। তিনি ৫০তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করে তৌফিক ইসলাম নাবিল ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। যা বাংলাদেশ দণ্ডবিধির ২৯৫(ক) ধারা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮-এর ধারা ৪(১)(খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ পরিপ্রেক্ষিতে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাকে সাময়িকভাবে বহিষ্কারের নির্দেশ দেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২ (গ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তদন্ত করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ৪(১) (ক) অনুযায়ী সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ জুন তৌফিক ইসলাম নাবিলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অবমাননাকর মন্তব্যের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত শিক্ষার্থীদের নজরে এলে ক্যাম্পাসজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে এবং অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
পরদিন ২৯ জুন শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। অভিযোগে তারা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীর দ্রুত বিচার ও স্থায়ী বহিষ্কারের দাবি জানান। গত রবিবার রাতেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
জনতার আওয়াজ/আ আ