মাদারীপুর-১ বিএনপির মনোনয়নবঞ্চিত কামাল মোল্লার সমর্থকদের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

মাদারীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লার নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলার হাতিরবাগান মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পরে সেখান থেকে নারী-পুরুষসহ কামাল জামান মোল্লার সমর্থকদের অংশগ্রহণে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা কামাল জামান মোল্লা বলেন, ‘আমি শুরু থেকেই সবসময় মাঠে থেকে দলের জন্য কাজ করেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছিল। তবে কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে দল আমার মনোনয়ন স্থগিত করেছে। তবুও আমি দলের নির্দেশনা অনুযায়ী সব কর্মসূচি বাস্তবায়নে মাঠে ছিলাম।
বৃহস্পতিবার দল আমাকে বাদ দিয়ে এমন একজনকে মনোনয়ন দিয়েছে, যিনি কখনো কোনো মিছিল-সমাবেশে অংশগ্রহণ করেননি। তাই দলের হাই কমান্ডের কাছে আমার অনুরোধ এ মনোনয়ন প্রত্যাহার করে আমার মনোনয়ন পুনর্বহাল করা হোক।’
মশাল মিছিল শেষে আলোচনা সভায় কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা বলেন, ‘কিছু কুচক্রী মহল কেন্দ্রীয় নেতাদের ভুল তথ্য দিয়ে আমার মনোনয়ন স্থগিত করিয়েছে। এবার এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার শিবচরে জনসমর্থন নেই। শিবচরে যদি ধানের শীষের আসন পেতে চায়, তাহলে আমাকে পুনরায় মনোনয়ন দিতে হবে। তা না হলে শিবচর বিএনপি আসন হারাবে। আমি আশা করি জনাব তারেক রহমান পুনরায় বিষয়টি বিবেচনা করে আমাকে মনোনয়ন ফিরিয়ে দেবেন।’
এ সময় শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়া সাজু মোল্লা ও পৌর বিএনপির সদস্যসচিব আজমল হোসেন সেলিম হুদাসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ