মানসম্মত গল্পে ফিরতে চান পূর্ণিমা, ওটিটি সিন্ডিকেটে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে। মাঝে মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেও বড়পর্দায় তাকে আর দেখা যায় না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখনো সক্রিয়, ভক্তদের কাছে সেই চিরচেনা লাস্যময়ী রূপেই ধরা দেন। দর্শকের প্রত্যাশা, আবারও যেন বড়পর্দায় অভিনয়ে ফিরেন পূর্ণিমা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় থেকে দূরে থাকার প্রসঙ্গে আক্ষেপ ও ক্ষোভের কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।”
পূর্ণিমা জানান, ঢালিউড ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি তাকে হতাশ করেছে। ওটিটিতে কাজ করার আগ্রহ থাকলেও তিনি মনে করেন, সেখানে শক্তিশালী একটি সিন্ডিকেট সক্রিয়। তার ভাষায়, বাইরের কাউকে সহজে সুযোগ দেওয়া হয় না—যারা ওই দলে আছে, তারাই সবসময় কাজ পায়। অথচ অনেক প্রতিভাবান শিল্পী সুযোগের অভাবে কাজ করতে পারেন না।
তবে তিনি আশাবাদী। পূর্ণিমার বিশ্বাস, প্রাপ্য সম্মান আর শক্তিশালী গল্প পেলে অভিনয়ে নতুন উদ্যমে ফিরতে পারবেন।
অভিনেত্রী জানান, ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’-এর মতো ওটিটি কনটেন্ট তার ভালো লেগেছে। তিনি মনে করেন, এ ধরনের মানসম্পন্ন গল্পে সুযোগ পেলে তার অভিনয় জীবনে নতুন প্রাণ ফিরে আসবে।
জনতার আওয়াজ/আ আ