মামলায় গড়ালো শিল্পী সমিতির পিকনিকের হাতাহাতি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মামলায় গড়ালো শিল্পী সমিতির পিকনিকের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৪, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৪, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমায় যতগুলো সংগঠন রয়েছে তারমধ্যে সবচেয়ে আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বাংলা ছবি আবেদন আগের মতো না থাকলেও সমিতিগুলো ঠিকই সচল রয়েছে। সংগঠনটির কর্মকাণ্ড নিয়ে বেশ ঝোঁক মানুষের।

শনিবার (২ মার্চ) বেশ আয়োজন করে পালিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন। তবে বেশকিছু বিতর্কও হয়েছে। ছড়িয়েছে একটি হাতাহাতির ঘটনার ভিডিও।

এখানেই শেষ নয়, এই মারামারির ঘটনা এবার গড়াল মামলায়। শিল্পী সমিতির সদস্য নিশু তার মেয়েকে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন কয়েক জনের বিরুদ্ধে। সমিতি বরাবর অভিযোগ জানানোর একদিন পার হয়ে গেলেও সমাধান না পেয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী এই শিল্পী।

এক প্রশ্নের জবাবে নিশু সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি আমি শিল্পী সমিতিকে অবগত করেছি। এ নিয়ে নিপুণকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। শাহনূর ও জেসমিন আমাকে কল করেছিল। তারা বলেছিলেন আমরা দেখতেছি। তারপর আর খবর নেই। একদিন পার হয়ে গেছে। নিপুণ একটি বার ফোন করতে পারত কিন্তু করেনি। এটা আমাকে অনেক কষ্ট দিয়েছে।

যোগ করে তিনি বলেন, আমি বিচার চেয়ে মামলা করেছি। এ নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করব তখনই বিস্তারিত বলব। আজ আমি ঈদের একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত আছি যে, কারণে কথা বলতে পারছি না।

আক্ষেপ করে এই শিল্পী বলেন, ঘটনা ঘটার একদিন পার হয়ে গেলেও কেউ আমাকে সহযোগিতা করেনি। মামলা করার পর সবাই এখন সহযোগিতা করতে চাচ্ছে। আমি এখন আর তাদের সহযোগিতা নেব না। শিল্পী সমিতি আমাকে সহযোগিতা করেনি।

কোন থানায় এবং কার কার নামে মামলা করেছেন তা আগাম জানাতে চাননি এই শিল্পী। সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন।

সেদিনকার ঘটনার বর্ণনা দিয়ে নিশু বলেন, বড়রা সবাই চেয়ার খেলা খেলতেছে সেখানে চেয়ারে গিয়ে আমার মেয়ে বসে। মেয়েকে না করেছিলাম ওখানে যেতে কিন্তু ও খেলার জন্য যায়। ছোট মানুষ ওতটা বুঝে না শখ করে গিয়েছে খেলতে। পেছনে আঁখি নামের একজন ভদ্র মহিলা ছিল নাচের, আমি তাকে চিনি না। আর ছিলেন স্বপ্না।

আমার বাচ্চা চেয়ারে বসা মাত্রই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার জন্য আমার মেয়ে উচ্চস্বরে কথা বলা মাত্রই থাপ্পড় দেয়। এরপর অকথ্য ভাষায় গালাগাল করা হয়। আমি এগিয়ে গেলে আমাকে মাথায় পেছন দিয়ে আঘাত করে ওরা। তখন আমার মেয়ে ওদের ধরতে এগিয়ে যায়। তারপর আবার আমার মেয়ের গায়ে হাত দেয় আঁখির ছেলে। ৩৫ বছরের এক যুবক আমার বাচ্চা মেয়ের গায়ে হাত দেয়।

যিনি গায়ে হাত দিয়েছেন তিনি শিল্পী সমিতির সদস্য না। কিন্তু আমার মেয়ের দুটি পরিচয়। প্রথমত নায়িকা নিশুর মেয়ে, দ্বিতীয়ত শাবনূরের ভাতিজি। আমি শিল্পী সমিতির একজন সদস্য হওয়া সত্ত্বেও সমিতি থেকে বিচার পাইনি।

শনিবার (২ মার্চ) পালিত হয় শিল্পী সমিতির বনভোজন। পিকনিকের হাতাহাতির এই ভিডিও প্রকাশ্যে এসেছে। ৩ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন। এরপরই পরিস্থিতি মোড় নেয় ঝগড়ায়।

দুইজনের বাকবিতণ্ডায় শেষ পযন্ত ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। এতে এফডিসিতে থাকা শিল্পী সমিতির পিকনিকে উপস্থিতরা ঝগড়া ও হাতাহাতি ঠেকাতে এগিয়ে আসেন। রোববার (৩ মার্চ) রাতে এমন ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ পেতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়তে শুরু করে নেটিজেনদের মধ্যে।

ভাইরাল ভিডিওতে নিশুকে বলতে শোনা যায়, আমার বাচ্চা এমন একটি জায়গায় অসম্মানিত হবে সেটি আসলে মেনে নেয়া যায় না। আমার মনে হয় না শিল্পী সমিতি এ বিষয়ে কোন উদ্যোগ নিবে। আমার সিনেমা দরকার নেই, আমার বাচ্চা আগে। আমি ভুলে যাব আমার সিনেমার ক্যারিয়ারের ২২ বছর। শিল্পী সমিতির কাছে আমার কোন প্রত্যাশাই নেই। কারণ ঘটনা ঘটে যাওয়ার পর আমি নিপুণকে কল দিলাম কিন্তু সে কল ধরল না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ