মিছিল-সমাবেশে হামলা রাজনীতিতে রক্তপাতের জন্ম দেবে: রব - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩১, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিছিল-সমাবেশে হামলা রাজনীতিতে রক্তপাতের জন্ম দেবে: রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩১, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩১, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিরোধী দলের সমাবেশ, প্রতিবাদ বা বিক্ষোভ মিছিলে সরকারি বাহিনীর হামলা বা নৃশংস আক্রমণ রাজনীতিতে রক্তপাতের জন্ম দেবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার ওপর বলপ্রয়োগ বা ১৪৪ ধারা জারি করে রাজনীতির মাঠকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা অভ্যন্তরীণ রাজনীতিকে চরম ঝুঁকিতে ফেলবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেএসডি ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, গত দেড় দশকে ভিন্নমতকে ক্রমাগতভাবে সংকুচিত করতে করতে দেশকে অসহিষ্ণু সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সমাবেশ ও মিছিলে গুলি এবং বসতবাড়িতে হামলা করে কোনো ভালো বা সুস্থ রাজনৈতিক ফল আশা করা যায় না। জনগণ থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র ব্যবস্থার কারণে দেশ এখন চরম বিপর্যয়ের নিকটবর্তী। গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসন নিয়ন্ত্রণের অধিকার কোনো সরকারেরই নেই।

জেএসডি সভাপতি বলেন, জনগণের বিনা প্রতিনিধিত্বে দেশ পরিচালনা করা রাষ্ট্রদ্রোহিতার নামান্তর। অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে জনগণ ক্রমাগতভাবে রাস্তায় নেমে আসছে। সরকারের গোপন অভিলাষ চরিতার্থ করার সব পথ রুদ্ধ করতে রাজপথে নেমে গণঅভ্যুত্থান ঘটানো হবে। এজন্য সংগঠনকে গণজাগরণের লক্ষ্যে ধাবিত করতে হবে। সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের ঐতিহাসিক আন্দোলনে জেএসডি হবে অন্যতম নিয়ামক শক্তি।

আবদুর রবের সভাপতিত্বে যৌথ সভায় বক্তৃতা করেন জেএসডির কার্যকরী সভাপতি মো. সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ