মিরসরাইয়ে বিএনপির তিন ইউনিটে কমিটি গঠন : বিভিন্ন স্থানে হামলায় আহত ৯ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিরসরাইয়ে বিএনপির তিন ইউনিটে কমিটি গঠন : বিভিন্ন স্থানে হামলায় আহত ৯

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

 

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রামের মিরসরাই উপজেলা, পৌর শাখা ও বারইয়ারহাট পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে প্রতিপক্ষের বিক্ষোভ মিছিল, হামলা ও ভাংচুরের ঘটনায় নয়জন আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) রাত সাতটার পরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাশেদ, সোহাগ, শাকিল আহমেদসহ যুবদলের আরো পাঁচজন।

এদিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত তিনটি ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এদিকে কমিটি ঘোষণার পর রাত ৭ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা-কর্মী আহত হয়েছেন।

উপজেলার বারইয়ারহাট পৌরসভা, বামনসুন্দর বাজার, ঝুলনপোল বাজার, বড়তাকিয়া বাজার, আবুতোরাব বাজার, মিরসরাই পৌরসভায় বিক্ষোভ মিছিল ও হামলার ঘটনা ঘটেছে। পৌর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটনের কার্যালয়ে হামলায় আহত হয়েছেন চারজন।

আহত রাশেদ, সোহাগ, শাকিল আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে পাঠানো হয়েছে। কাটাছরায় হামলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদ, যুবদল নেতা কামরুলসহ পাঁচজন আহত হয়েছেন।

মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন জানান, সোমবার রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আমার কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। এসময় তাদের হামলায় চারজন আহত হয়েছেন।

উপজেলা বিএনপির সদস্য ওমর শরীফ বলেন, ‘কমিটি গঠনের পর বামনসুন্দর বাজারে হামলায় স্বেচ্ছাসেবক দলের কাটাছরা ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ পাঁচজন আহত হয়েছেন।’

মিরসরাই পৌর কমিটির নবনির্বাচিত সদস্য সচিবের কার্যালয়ে হামলায় বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘হামলার বিষয়ে আমি জেনেছি। পুলিশের টিম ঘটনাস্থলে আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বিএনপি কমিটি গঠনের পর বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। সব স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ