মির্জা আব্বাস ও আলালকে গ্রেফতারে রিজভীর নিন্দা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা আব্বাস ও আলালকে গ্রেফতারে রিজভীর নিন্দা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করে আবারো ক্ষমতা কুক্ষিগত করার গভীর মাস্টার প্লানের অংশ হিসেবেই অবৈধ শাসক গোষ্ঠী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দেশব্যাপী সকলপর্যায়ের নেতাকর্মীকে ব্যাপকহারে গ্রেফতার শুরু করেছে। ক্ষমতালোভের পাশাপাশি চলমান গণআন্দোলনে ভীত হয়ে নিশিরাতের সরকার বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে মানুষ হতাহতের নৃশংসতায় মেতে উঠেছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বলতে চাই-এভাবে গ্রেফতার ও নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে চলমান গণআন্দোলনকে দমন করা যাবে না। জনগণ বুঝে গেছে যেকোনো অপ্রীতিকর ঘটনা নিজেরাই ঘটিয়ে অন্যের উপর দোষারোপ আওয়ামীলীগের নোংরা রাজনীতি। ইতিহাস সাক্ষ্য দেয়-বিশ্বের বড় বড় স্বৈরাচারেরাও জনগণের নিকট পরাজিত হয়েছে। বর্তমান আওয়ামী দখলবাজ সরকারকেও জনগণের ন্যায্য আন্দোলনের কাছে মাথা নত করে বিদায় নিতে হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে অবিলম্বে মির্জা আব্বাস এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।
পাশাপাশি তিনি ইতোমধ্যে আটক বিএনপি মহাসচিবসহ সকল পর্যায়ের নেতাকর্মীদেরও মুক্তির জোর আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ