যাকাতের মাধ্যমে দরিদ্রদের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছেন পাবনার চিকিৎসকরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যাকাতের মাধ্যমে দরিদ্রদের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছেন পাবনার চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

 

পাবনা প্রতিনিধি

দরিদ্র অসহায় মানুষদের চিকিৎসায় যাকাত দিয়ে সহযোগিতা করে আসছেন পাবনার অনেক চিকিৎসক। যাকাতের মাধ্যমে স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা রেখে চলেছেন তারা। স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্পের মাধ্যমে অনেক দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। গত বছর থেকে শুরু হওয়া এ প্রকল্পে এবছর আরো বেশি মানুষকে স্বাস্থ্যসেবায় যাকাতের সহযোগিতা পৌঁছে দিতে চান চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত ‘যাকাত দিয়ে দরিদ্রতা বিমোচন’ এর বিশেষ আলোচনা সভায় এ কথা জানান চিকিৎসকরা। স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সভাপতি অধ্যাপক ডা. মো. ওমর আলীর সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সাধারণ সম্পাদক ডা. এম এ সাত্তার বলেন, ‘গত বছর থেকে আমাদের এ প্রকল্প শুরু হয়েছে। ২০২৪ সালে আমরা ২ লাখ ৩০ হাজার টাকা যাকাতের অর্থ সংগ্রহ করতে পেরেছিলাম। সেখান থেকে ২৪ জন হতদরিদ্র মানুষকে অপারেশন ও চিকিৎসা সহায়তা করতে পেরেছি। যাকাতের অর্থ নিয়ে চিকিৎসকরা যদি এগিয়ে আসেন তাহলে দেশ ও মানুষের কাজে লাগবে।’

স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্পের সভাপতি বলেন, ‘আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছেন, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। আবার অনেকের কাছে টাকা চেয়েও পায় না। এজন্য আমাদের উদ্যোগ যাকাতের অর্থ সংগ্রহের মাধ্যমে ফান্ড তৈরি করা। এর মাধ্যমে গরিব অসহায় মানুষদের চিকিৎসাসেবা কিছুটা হলেও নিশ্চিত করতে পারবো। তাই সকল চিকিৎসকদের প্রতি আহ্বান আপনারা যাকাতের অর্থ দিয়ে আমাদের এই উদ্যোগকে সহযোগিতা করবেন।’

প্রধান অতিথির বক্তব্যে পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন, ‘চিকিৎসকরা যে উদ্যোগ নিয়েছেন তা খুবই প্রশংসনীয় উদ্যোগ। সমাজের যারা নিতান্তই অসহায় গরিব টাকার অভাবে চিকিৎসা পাচ্ছেন না তাদের জন্য অনেক উপকারে আসবে। এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। আমিও আমার সাধ্যমতো যাকাতের অর্থ সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকবো।’

আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সহ-সভাপতি ডা. ইফতেখার মাহমুদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সোবহান, ডা. সালেহ মুহাম্মাদ আলী, ডা. আইনুল হক, ডা. শাহরিয়ার কবির, ডা. নার্গিস সুলতানা। স্বাগত বক্তব্য দেন, স্বাস্থ্যসেবায় যাকাত প্রকল্প পাবনার সাধারণ সম্পাদক ডা. এম এ সাত্তার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ