যারাই গণতন্ত্রের কথা বলতো তাদেরকেই আয়না ঘরে ঢুকানো হতো
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
যারাই গণতন্ত্রের কথা বলতো তাদেরকেই আয়না ঘরে ঢুকানো হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান। বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন ফারুক রহমান বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকারের শাসন আমলে যারাই গণতন্ত্রের কথা বলতেন তাদেরকেই আয়না ঘরে ঢুকানো হতো। তাদের রাজত্ব টিকিয়ে রাখতে গুন-খুনের শিকার হয়েছেন অনেক নিরপরাধ মানুষ। জীবন দিতে হয়েছে অনেক নারী ও শিশুর। মানুষের জান-মালের নিরাপত্তা ছিল না।
তিনি বলেন, ভারত আমাদের কখনই বন্ধু হতে পারে না। দীর্ঘ ১৭ বছরের দেশটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ অর্থাৎ অন্ধকার যুগে পরিণত করেছিল। খুনি শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এনে বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তি পাবে না।
আয়োজক সংগঠনের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি মোঃ শামীম কায়সার লিংকন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলামসহ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ