যুবদলের দুই নেতা বহিষ্কার, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ৬, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ৬, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কার্যালয়ে পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনতাই ও দরপত্র বের করে দেখার ঘটনায় যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাতে রাজশাহী মহানগর যুবদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন-রাজশাহী মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে আরডিএ কার্যালয়ে টেন্ডার কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও জানানো হয়। যুবদলের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, এ ঘটনায় আরডিএর পক্ষ থেকে নগরের শাহমখদুম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, পুরোনো কিছু মালামাল বিক্রির জন্য সম্প্রতি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে আরডিএ। গত ২৭ এপ্রিল থেকে দরপত্র গ্রহণ শুরু হয় এবং ৫ মে দুপুর ১টা পর্যন্ত জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। শেষ দিন সকাল থেকেই টেন্ডার বাক্সের পাশে পুলিশ মোতায়েন ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী দরপত্র জমা দিতে এসে আগের জমা দেওয়া দরপত্র বাতিলের দাবি তোলেন। একপর্যায়ে তারা পুলিশের সামনেই টেন্ডার বাক্সটি নিয়ে অফিসের করিডরে চলে যান এবং বাক্স খুলে আগের দরপত্রগুলো বের করেন। পরে বাক্সটি আবার পুলিশের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ