রংপুরে জাতীয় পার্টি ও এনসিপির পাল্টাপাল্টি মামলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ১, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ১, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে দায়ের করা হয়েছে।
রোববার (১ জুন) সন্ধ্যায় কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান। তিনি জানান, দুপুরের দিকে মামলা দুটি রেকর্ড করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ মে) নগরীর সেনপাড়ায় জাপা চেয়ারম্যানের বাড়ি ‘দ্য স্কাই ভিউতে’ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার (৩০ মে) রাতে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে আসেন জাতীর পার্টির কয়েকজন নেতা।
এ মামলার বাদী হন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী। কিন্ত এদিন মামলা রেকর্ড না করে অভিযোগ নেন ওসি। পরে শনিবার (৩১ মে) মামলা নিতে কোতোয়ালি থানার ওসিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন জাপার কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ মামলার অভিযোগে হামলাকারী হিসেবে ২২ জনের নাম অভিযুক্ত করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
এদিকে শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের ১৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন।
তিনি মামলার অভিযোগে বলেন, ‘জাতীয় পার্টির অপতৎপরতা রুখে দাঁড়াও ও মামলার আসামি ফ্যাসিস্টের দোসর জিএম কাদেরকে গ্রেপ্তার করো’ দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়া চৌরাস্তা মোড়ের দিকে যাবার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে তার সমর্থকরা হামলা চালায়। এ সময় তাদের চারজন নেতাকর্মী আহত হন।
এ মামলায় অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।
মহানগর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান কালবেলাকে বলেন, জাতীয় পার্টি ও এনসিপি নেতার দায়ের করা দুটি মামলা দুপুরের দিকে রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনতার আওয়াজ/আ আ