রংপুরে রাতেই সমাবেশ স্থলে হাজার হাজার নেতা কর্মী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ

রংপুরে রাত পোহালেই বিএপির বিভাগীয় সমাবেশ । সমাবেশ সফল করতে রাত যতই গভীর হোক নেতাকর্মীদের অবস্থান সমাবেশস্থলে। বিএনপির এই সামাবেশ রংপুর কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হবে । এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে সমাবেশ স্থল সহ নগরীর ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করে সেখানে অবস্থান নিয়ে আছেন কয়েক হাজার দলীয় নেতা কর্মী।
তবে সমাবেশ স্থলে মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরা।
রাত ১ টার সময় সরেজমিনে দেখা যায়, কয়েক হাজার নেতা কর্মী খোলা আকাশের নীচে অবস্থান করছেন। তারা শ্লোগানে মাঠে সকলকে উজ্জীবিত করছেন। সেখানে অবস্থান করছেন মহাসমাবেশের সমন্বয়কারী ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুনর রশীদ এমপি, ভাইস চেয়ারম্যান ডা: জাহিদ হোসেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব্ দুলু এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। তাদের অবস্থান করার জন্য সাহস জোগাচ্ছেন।
জানা যায়, শনিবার ২৯ অক্টোবর দুপুর ২ টায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবার কথা থাকলেও আকস্মিক ভাবে একদিন আগে শুক্রবার থেকে রংপুর জেলা মটর মালিক সমিতি শনিবার সন্ধ্যা পর্যন্ত দুদিন ব্যাপী পরিবহন ধর্মঘট আহবান করে। এর ফলে আগাম প্রস্তুতি হিসেবে মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতেই রংপুর বিভাগের ৮ জেলা বিশেষ করে ঠাকুরগাও, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে ট্রাক বাস ভাড়া করে এবং ট্রেন যোগে রংপুরে এসে পৌঁছেছেন কয়েক হাজার নেতা কর্মী।
শুক্রবার সকাল থেকে তারা তারা নগরীর বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে অবস্থান নেন। শনিবার সকালে সমাবেশ স্থলে যাবেন বলে জানিয়েছেন নেতা কর্মীরা। এ ব্যাপারে বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক জানান, তিনি নিজেও নেতা কর্মীদের সাথে রাতে সমাবেশ স্থলে অবস্থান করবেন।
পঞ্চগড় জেলার তেতুলিয়া থেকে আসা বিএনপি নেতা মোবাচ্ছের হোসেনের জানান,সমাবেশ সফল করার উদ্দেশ্যে তারা শুক্রবার থেকে পরিবহন ধর্মঘটের খবর জানার পর বৃহস্পতিবার রাতেই তিনটি ট্রাক ভাড়া করে দু শতাধিক নেতা কর্মী শুক্রবার ভোরে সভাস্থলে এসে পৌঁছেছেন।
অপরদিকে গাইবান্ধার পলাশবাড়ি থেকে এসেছেন উপজেলা বিএনপির সদস্য মকবুল হোসেন ও আব্দুল মান্নান তারা ২০ জন মালবাহী ট্রাকে করে রাতে রওনা দিয়ে সরাসরি সভাস্থলেই এসেছেন। রাতে সভা স্থলেই থাকবেন বলে জানিয়েছেন।
নগরীর জুম্মাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, রবাটসনগজ্ঞ স্কুল মাঠ, সিও বাজার, খটখটিয়া, আলমনগর সহ বিভিন্ন এলাকায় নেতা কর্মীদের জন্য অস্থায়ী প্যান্ডেল তৈরি করেছে মহানগর বিএনপি। সেখানে সেচ্ছসেবকরা দেখভাল করছেন। রবাটসনগজ্ঞ স্কুল মাঠে দায়িত্বে থাকা যুবদল নেতা মাসুম জানান, নেতা কর্মীদের জন্য ধানের খড় বিছিয়ে দেওয়া হয়েছে উপরে সামিয়ানার কাপড় দেওয়া হয়েছে। নেতা কর্মীরা রাতে নিজ নিজ অস্থায়ী প্যান্ডেলে অবস্থান করবেন।
রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু বলেন, সমাবেশ স্থলে হঠাৎ করে সন্ধ্যার পর থেকে মোবাইল নেটওয়ার্ক হাওয়া হয়ে গেছে। ফলে এখান থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা। এর জন্য সরকারকে দায়ী করে এটা পরিকল্পিত বলে অভিযোগ করেছেন তিনি।
ঠিক একই কথা বললেন ঠাকুরগাও থেকে আসা মনসুর আলী, সাজ্জাদ সহ কয়েকজন বিএনপি নেতা কর্মীরা। তারা জানান, সভাস্থলে বিকেলের পর থেকে মোবাইল নেট ওয়ার্ক নেই সম্ভবত নেট ওয়ার্ক জ্যামার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ অনেক চেষ্টা করেও মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছেনা।
জনতার আওয়াজ/আ আ