রবীন্দ্রনাথকে সারা জীবন অধ্যয়ন করেও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রবীন্দ্রনাথকে সারা জীবন অধ্যয়ন করেও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৯, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৯, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করছেন। তিনি এমন এক সৃষ্টিশীল ব্যক্তিত্ব, যাকে সারা জীবন অধ্যয়ন করেও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়। শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। যারা তাকে সাম্প্রদায়িক হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেন, তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে। তিনি শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন।’

অনুষ্ঠানে নিজের সাহিত্যপ্রেমের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমি রবীন্দ্রনাথ, নজরুলসহ সব ধরনের সাহিত্য ভালোবাসি। তবে নিজে কিছু লিখতে পারি না। যে মানুষ সাহিত্য চর্চা করে, কবিতা পড়ে বা গান শোনে, সে অবশ্যই ভালো মানুষ হয়।

বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার বাবা মুসলিম লীগের রাজনীতি করতেন। প্রতিদিন সকালে হাঁটা শেষে রবীন্দ্রনাথের ‘শাহজাহান’ কবিতা আবৃত্তি করতেন।

মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ কৃষকদের উন্নয়নে নওগাঁর পতিসরে কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রচলন করেছিলেন। রবীন্দ্রনাথের সেই ভাবনাকে ধারণ করে বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে।

তিনি বলেন, আমাদের কৃষকরা ধানের ন্যায্য দাম পেতে চান। তারা যেন সঠিক মূল্যে পান সেই চেষ্টা বর্তমান সরকার করছে। আমরা চেষ্টা করছি কৃষকদের জন্য কাজ করতে এবং তাদের সুবিধা দিতে।

রাজনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অনেকে পরিবর্তনকে (গণ-অভ্যুত্থান) ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। ছোটখাটো ইস্যু নিয়ে দেশে আবার গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছেন। কিন্তু আমরা কেউ চাই না দেশে আবার আন্দোলন হোক।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, নওগাঁ-৬ আসনের সংসদ-সদস্য রেজাউল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশীদ, সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ-সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ-সদস্য এনামুল হক, নওগাঁ-৩ আসনের সংসদ-সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ-সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ-সদস্য জাহিদুল ইসলাম ধলু উপস্থিত ছিলেন।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি, রানীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

রাজশাহীতে দুই মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা : পতিসরের অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী আসেন। সকাল ৮টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকারমন্ত্রী শাহ মখদুম বিমানবন্দরের বর্তমান অবস্থা, সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা এবং পবা-মোহনপুর নির্বাচনি এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন। পরে দুই মন্ত্রী সড়কপথে নওগাঁর পতিসরের উদ্দেশে রওয়ানা দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ