রমজানের আগেই কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আগামী ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। কর্মসূচির প্রথম পর্যায়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ হবে। দ্বিতীয় পর্যায়ে সমাবেশ হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর দাবিতে। মূলত জনসম্পৃক্ত কর্মসূচি দিয়ে জনগণের সমর্থন আদায় এবং দ্রুত নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে নতুন কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলটি।
গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্র এসব তথ্য জানা গেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক নেতা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রথমে কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার প্রথম কর্মসূচিতে সমাবেশ হতে পারে। একই সঙ্গে সারাদেশে বিভাগ ও জেলা পর্যায়েও একই কর্মসূচি হতে পারে। দ্বিতীয় কর্মসূচি হিসেবে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই পর্যায়ে জেলায় জেলায় সমাবেশ করা হবে।
রজমানের আগেই এসব কর্মসূচি শেষ করতে চায় বিএনপি। আগামী মাসের শেষ পর্যায়ে বাংলাদেশে রোজা শুরু হবে।
দলীয় সূত্রে জানা গেছে, শীঘ্রই বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করে সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
সম্প্রতি বিএনপি এক সংবাদ সম্মেলন করে চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে। তারা বলেছে, অতি প্রয়োজনীয় সংস্কার শেষে এ সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে যেকোনো সময় নির্বাচন হতে পারে। তবে বিএনপি আগামী বছরের জুন পর্যন্ত সময়কে নির্বাচনের জন্য ‘অতিরিক্ত সময়’ মনে করছে। তারা সরকারকে এত সময় দিতে রাজি নয়।
জনতার আওয়াজ/আ আ