রাজধানীতে পদযাত্রায় সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

৯ ও ১২ ফেব্রুয়ারি রাজধানীতে পদযাত্রা কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। আজ মঙ্গলবার এই চিঠি দুটি ডিএমপি কমিশনারের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।
১২ ফেব্রুয়ারি ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
ডিএমপি কমিশনারকে দেওয়া চিঠিতে উত্তর বিএনপি বলেছে, ১২ ফেব্রুয়ারি দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠ থেকে শুরু হয়ে রিং রোড শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বছিলা সাতরাস্তা মোড় গিয়ে শেষ হবে। এই কর্মসূচির বিষয়ে আপনাকে অবহিত ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
অন্যদিকে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৯ ফেব্রুয়ারি রাজধানীতে পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
ডিএমপি কমিশনারকে দেওয়া চিঠিতে দক্ষিণ বিএনপি বলেছে, ৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ হয়ে কমলাপুর-আরামবাগ-ফকিরাপুল-দৈনিক বাংলা মোড়-পুরানা পল্টন-প্রেস ক্লাব গিয়ে পদযাত্রা শেষ হবে। এই কর্মসূচির বিষয়ে আপনাকে অবহিত ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
জনতার আওয়াজ/আ আ