রাজনীতি থেকে লুটেরাদের বিতারিত করতে হবে: মোস্তফা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৩, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৩, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশের রাজনীতি থেকে লুটেরাদের বিতারিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া। তিনি বলেন, দেশের রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা এখন লুটেরাদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। এ অবস্থা চললে আগামী দিনে আমাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
রোববার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় লীগের সাবেক চেয়ারম্যান মরহুম একেএম শহীদুল্লাহ পাটোয়ারীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
গোলাম মোস্তফা বলেন, এদেশের শ্রমজীবী মানুষের নিঃস্বার্থবান কণ্ঠস্বর ছিলেন রাজনীতিক শহীদুল্লাহ পাটোয়ারী। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন, কথা বলেছেন গণতন্ত্রের পক্ষে। কিন্তু কখনও নীতির বদল করেননি।
তিনি বলেন, গণমানুষের নেতা শহীদুল্লাহ পাটোয়ারী বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করার জন্য রাজনীতি করতেন। একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় লুটেরামুক্ত রাজনীতি প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ন্যাপ মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষ স্বপ্ন দেখেছিল স্বাধীন দেশে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। স্বাধীন নাগরিক হিসেবে মর্যাদা ও সম্মান পাবে। বাক স্বাধীনতা পাবে ও ন্যায়বিচার পাবে। একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান পাবে। স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে, সবাই জনগণের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। সবাই জনগণের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করেছে। গণমানুষের সঙ্গে প্রতারণা করেছে। দেশ শাসনের নামে জনগণকে জিম্মি করে রেখেছে।
তিনি বলেন, দেশের সাধারণ নাগরিকদের কোনো অধিকার ও সম্মান নেই। সব অধিকার ভোগ করছে ক্ষমতাসীন ও তাদের সঙ্গীরা। আসুন, আমরা কল্যাণ প্রতিষ্ঠার জন্যে সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।
বাংলাদেশ জাতীয় লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএলডিপি চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণআজাদী লীগের মহাসচিব আতাউল্লাহ খান, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ