রাজনীতিকে জ্ঞানসমৃদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে তারা : মান্না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গতকালকে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামক নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, উন্নত জ্ঞান অর্জন করে রাজনীতিকে জ্ঞানী ও সমৃদ্ধ করার কাজে ঐক্যবদ্ধ হয়ে সবার সাথে কাজ করবে তারা।
ছবি: প্রতিনিধি
গতকালকে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামক নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, উন্নত জ্ঞান অর্জন করে রাজনীতিকে জ্ঞানী ও সমৃদ্ধ করার কাজে ঐক্যবদ্ধ হয়ে সবার সাথে কাজ করবে তারা।
শনিবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত দেশের বিভিন্ন স্থানে জেএসডি ও নাগরিক ঐক্যের নেতাকর্মীদের উপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, আমরা তারুণ্যের প্রসংশা করি। আমরা সমস্ত রাজনৈতিক দল লড়াই সংগ্রাম করে যা অর্জন করতে পারিনি, সেটা ঐ তরুণরা অর্জন করতে পেরেছে। আমরা চাই, আগামী গণতন্ত্রের যাত্রাপথে যথাযথভাবে নিয়ম মেনে প্রত্যেকে সবার প্রতি সহনশীল হয়ে যুক্তিসঙ্গত কথা বলে এবং আরও উন্নত জ্ঞান অর্জন করে রাজনীতিকে জ্ঞানসমৃদ্ধ করার কাজে ঐক্যবদ্ধ হয়ে সবার সাথে কাজ করবে।
তিনি বলেন, শিবগঞ্জে গত ৫৩ বছরের রাজনীতিতে সরাসরি হানাহানি কখনো হয়নি। সেখানে রাজনীতি হয়, নির্বাচন হয়, তারপরও সেখানে মানুষের মধ্যে পারিবারিক সামাজিক সম্পর্ক ভালো আছে। এই প্রথম এতবড় একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ২১ শে ফেব্রুয়ারির রাতে আগে বিএনপি গিয়ে শহীদ মিনারে ফুলের মালা দিয়েছে। তারপরে আমাদের দল নাগরিক ঐক্য দিয়েছে। মালা দিয়ে ফেরার পথে অতর্কিতভাবে সরাসরি আমাদের শিবগঞ্জের আহবায়কের বুকে চুরি বসিয়ে দিয়েছে। এলোপাতাড়ি মারধর করা হয়েছে এবং আমাদের আরও অনেকে আহত হয়েছে। কিন্তু বিএনপির যারা পাকনামি করেছে, তাদের এ ধরণের কাজ বন্ধ হয়নি। পরের দিন আমাদের দলের পক্ষ থেকে মামলা করতে থানায় যাওয়া হয়েছে। তখন ওসি অপরাধীদের কয়েকজনের নাম কেটে দিয়ে মামলা করতে বলেছে। পুলিশ সেই মামলা নেয় নি।
শিবগঞ্জ বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দুঃখজনকভাবে এর দু’দিন পর তারা (বিএনপি) একটা বাড়িতে ডাক বোমা ছুড়লো, দুটো গুলি ছুড়লো। তারপরে আমাদের ১২ জন প্রধান সংগঠক নেতাদের নামে মামলা দেয়া হয়েছে। ৫ মিনিটের ভেতরে পুলিশ সেই মামলা নিয়েছে। আগে ‘এ’ ক্ষমতায় ছিল, এখন মনে হয় ‘বি’ ক্ষমতায় বসেছে। প্রশাসন বিভিন্ন জায়গায় ‘বি’র কথামতো চলে। একটা দলের কথামতো চলে। দখলদারিত্ব-চাঁদাবাজির কোনো শেষ নেই।
তিনি বলেন, আমি তারেক রহমানকে ফোন করেছি। তিনি যত্নের সাথে আমার কথা শুনেছেন। এরপরে উনি তার দলকে কি নির্দেশ দিয়েছেন জানি না। কিন্তু তাদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে, তারা এখন রাজনীতিকভাবে চলার চেষ্টা করবে।
সরকারকে উদ্দেশ্য করে মান্না বলেন, নির্বাচন করবেন বলেছেন ডিসেম্বরের মধ্যে। পুলিশ কি আপনাদের কথা শুনবে, নাকি নিজস্ব কোনো দলের কথা শুনবে! পুলিশের মধ্যে কোনো সংস্কার করতে পেরেছেন? পুলিশের মধ্যে মানসিকতা এবং কাজের কোনো পরিবর্তন হয়নি। পুলিশ এখনো ঘুষ খায়। তারা এখনো কোনো তদন্তে যায় না। থানায় মামলা নেয় না। দেশজুড়ে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। দেশজুড়ে ছিনতাই, দিনে-দুপুরে চলন্ত বাসের মধ্যে রেপ হয়। সরকার কোনোকিছু বন্ধ করতে পারে নি।
নাগরিক ঐক্যের এই সভাপতি বলেন, কোনো ব্যক্তির বিশেষ নির্দেশে পুলিশ চলবে, ইউএনও চলবে, এরকম প্রশাসন এবং দেশ আমরা চাই না। আমাদের দল যত ছোট কিংবা বড় হোক না কেন, আমরা কোনো অন্যায়ের সামনে মাথা নত করবো না।
সমাবেশ ও বিক্ষোভ সমাবেশে এসময় গণতন্ত্র মঞ্চের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ