রাজনীতিবিদরা গরু-ছাগলের মতো বিক্রি হচ্ছে: নুর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রধান বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীদের জেলে রেখে তারা (সরকার) নির্বাচনের উৎসব ও খেলা করছে। রাজনীতির মাঠে আজ কোরবানির হাট বসিয়েছে। এই কোরবানি হাটে রাজনীতিবিদরা গরু-ছাগলের মত বিক্রি হচ্ছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় রাজধানীতে অবরোধ সমর্থনে গণঅধিকার পরিষদের মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। তাদের মিছিলটি পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর বলেন, এই সরকারের অধীনে নির্বাচন হবে না। তারা সুপরিকল্পিত হয়ে ২০১৪ আর ২০১৮ সালে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। আজকে জনগণের ভোটের অধিকার ও নির্বাচনের পরিবেশ নাই। বিরোধী দলের কার্যালয় পুলিশ তালাবদ্ধ করে রেখেছে। প্রধান বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীদের জেলে রেখে তারা নির্বাচনের খেলা ও উৎসব করছে। রাজনীতির মাঠে আজ কোরবানির হাট বসিয়েছে। এই কোরবানি হাটে রাজনীতিবিদরা গরু-ছাগলের মত বিক্রি হচ্ছে।
তিনি বলেন, গণঅধিকার পরিষদ জন্মলগ্ন থেকেই বলেছে- দলীয় সরকারের অধীনে কোন সাজানো ও পাতানো প্রহসনের নির্বাচনে যাবে না। আমাদের উপর নির্যাতন করেছে। তারপরেও আমরা এই ফ্যাসিবাদের কাছে মাথানত করি নাই। আমাদের এই লড়াই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই। এই লড়াই দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।
নুর বলেন, আজকে এই ফ্যাসিবাদের দোসরদেরকে প্রতিহত করতে হবে। যারা এই গণতন্ত্রের জন্য লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হবে, আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেয়া হবে।
মিছিলেন উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, আনিসুর রহমান মুন্না, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুুর রহিম, দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ