রাজশাহী-কক্সবাজার রুটে চালু হচ্ছে বিমান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহী-কক্সবাজার রুটে চালু হচ্ছে বিমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ

 

রাজশাহী-কক্সবাজার রুটে শিগগিরই চালু হতে যাচ্ছে বিমান। নভেম্বরের মাঝামাঝি থেকে সপ্তাহে একদিন ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। 

বুধবার বিকালে নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  সভা শেষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চালু রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আমি নভোএয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলাম। তারা আমার অনুরোধে প্রতি সপ্তাহে একটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে পরিবার-পরিজন নিয়ে রাজশাহী থেকে কক্সবাজার স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন ভ্রমণপিপাসুরা। 

নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন ও বিক্রয়) মেস-বাহ-উল ইসলাম বলেন, সপ্তাহে একদিন একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ অথবা ১৭ নভেম্বর থেকে ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। আবার প্রতি সপ্তাহে শনিবার অথবা রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। শিগগিরই ফ্লাইট চালুর তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হবে। রাজশাহী-কক্সবাজার রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আবদুল আওয়াল খান চৌধুরী, নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী, রাজশাহী এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান শাওন, বরিশাল এয়ারপোর্টের অপারেশন ইনচার্জ সাজেদুল সাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ