রাজশাহী ২-বিএনপিতে নানা সমীকরণ গণসংযোগে জামায়াত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহী ২-বিএনপিতে নানা সমীকরণ গণসংযোগে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে এখন সরগরম। দীর্ঘ একদলীয় শাসনের পর ভোট নিয়ে এবার মানুয়ের মাঝে ভিন্নরকম আগ্রহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র এখন ভোটের আলোচনা। মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। রাজশাহীর মানুষও এর ব্যতিক্রম নয়। ভোটের হিসাব কষতে ব্যস্ত তারা। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনা রাজশাহী-২ আসন নিয়ে। শুধুমাত্র সদর উপজেলা নিয়ে গঠিত আসনটি। ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। ঐতিহাসিক আসনটি এক সময় বিএনপি’র দুর্গ হিসেবে পরিচিত ছিল। আওয়ামী আমলের বিতর্কিত নির্বাচন ছাড়া এ আসন থেকে বিএনপি’র প্রার্থীরা বেশির ভাগ সময় নির্বাচিত হয়েছেন। এবার বিএনপি’র পাশাপাশি জামায়াত, এনসিপি, এবি পার্টিসহ ইসলামী আন্দোলনের নেতারা সরব রয়েছেন।

এ আসনে নানা সমিকরণে দাঁড়িয়ে আছে বিএনপি। বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ইশা। তারা গণসংযোগ, সংগঠনিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সামনে নিয়ে আসছেন। মহানগর বিএনপিতে রয়েছে গ্রুপিং। অন্তর্কোন্দলে বর্তমান কমিটিতে (সম্মেলনের আগ পর্যন্ত) মিজানুর রহমান মিনুর অনুসারীরা স্থান না পাওয়ায় তিনি কিছুটা কোণঠাসা। তবে মহানগর বিএনপি’র বেশ কিছু সিনিয়র নেতা এখনো তার পাশে রয়েছেন। তার আয়োজিত কর্মসূচিগুলোতে নেতাকর্মীর উপস্থিতিও রয়েছে।

অপরদিকে, মহানগরীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। এরপর থেকে গণসংযোগে নেমেছেন তিনি। ভোটকেন্দ্র ভিত্তিক কমিটিও গঠন করেছেন। পাড়া-মহল্লায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন নিয়মিত। প্রার্থী হিসেবে এবি পার্টি থেকে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাঈদ নোমান, এনসিপি থেকে রাজশাহী মহানগরীর প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলী ও ইসলামী আন্দোলন থেকে মহানগর সহ-সভাপতি আলহাজ ফাইসাল হোসেন মনির আলোচনায় রয়েছেন। কথা হয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে। জানতে চাইলে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর মাটিতে মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছি। ভবিষ্যতেই করে যাবো। এখানকার মাটি ও মানুষের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক। দল চাইলে আবারো মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করি। তারেক রহমানের নির্দেশনায় মানুষের কল্যাণে দলকে সুসংহত করতে কাজ করে যাচ্ছি। শাহীন শওকত বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল এখন সুসংগঠিত। প্রয়োজন মনে করলে দলের জন্য কাজ করবো। বিএনপিতে সৎ, দক্ষ ও ত্যাগী নেতারাই দায়িত্ব পাবেন। কোনো সুবিধাবাদীদের স্থান নাই এখানে। এই গ্রিনসিটি, ক্লিন সিটি, শিক্ষা নগরীর মানুষ এখানে একজন সৎ, দক্ষ, পরিচ্ছন্ন যোগ্য মানুষকে নেতেৃত্বে দেখতে চায়। দলের ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করি। দল যেভাবে চাইবে সেভাবেই হবে। মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ইশা বলেন, আমি ছাত্রজীবন থেকে আজ পর্যন্ত দলের সঙ্গে আছি। দল যদি সুযোগ দেয় আর আমি নির্বাচিত হলে শান্তির নগরীর জন্য অর্থনৈতিক বিশেষ অঞ্চল তৈরি করবো ইনশাআল্লাহ্‌।

এদিকে, জামায়াত নেতা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এদেশের মানুষ বিগত ফ্যাসিস্ট আমলের মতো কোনো শাসন ব্যবস্থার পুনরাবৃত্তি চায় না। তারা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চায়। সৎ মানুষের শাসন চায়। তাই দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার উঠেছে। আল্লাহ যদি কবুল করেন, আগামীর নির্বাচনে আমরা জয়ী হবো। শান্তির জনপদ রাজশাহীকে নতুন করে গড়তে চাই। অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান তৈরি, উন্নত স্বাস্থ্যসেবার মাধ্যেমে নিরাপদ নগরী গড়ে তুলতে চাই। অপরদিকে, এনসিপি নেতা মোবাশ্বের আলী বলেন, এদেশের মানুষ গত ৫৩ বছর ধরে একটি বাইনারী রাজনীতির মধ্যে দিয়ে পার করছে। জুলাই বিপ্লবের মধ্যদিয়ে আমরা এ ইতিহাস ভাঙতে চাই। রাষ্ট্র হবে সবার, ক্ষমতাসীনদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন আর মানুষ চায় না। আমরা মানুষের সমঅধিকার ফিরিয়ে দিতে চাই। এবি পার্টি মনোনীত সাঈদ নোমান বলেন, প্রতিশ্রুতি নয়, পরিবর্তন চাই। আমাদের অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার। অনেক আগে থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। তাদের কথা শোনার চেষ্টা করছি। তারা আসলে পরিবর্তন চায়। গতানুগতিক রাজনীতির বাইরে এসে মানুষ নতুন কিছু করতে চায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ