রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা সেই খুকি আর নেই - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা সেই খুকি আর নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ

 

রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা ও নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা পুরস্কারপ্রাপ্ত দিল আফরোজ খুকি (৬২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় মহানগরীর মহিষবাথান এলাকার ‘মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে’ তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে খুকি স্ট্রোক করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিউরো মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ থাকায় এতদিন রাজশাহী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। পরে শারীরিক নানা সমস্যায় ভুগতে থাকা তার আশ্রয় হয় মাদার তেরেসা আশ্রমে।

খবর পেয়ে ঘটনাস্থলে খুকির মরদেহ দেখতে আশ্রমে যান রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। ওই সময় উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মো. শামসুল ইসলাম।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘দিল আফরোজ খুকি মারা গেছেন। ঘটনা শোনার পর আমি সেখানে পরিদর্শনে যাই। খুকির পরিবারের সঙ্গে কথা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। পরে কোয়ান্টাম ফাউন্ডেশন খুকির মরদেহের গোসল ও দাফনের দায়িত্ব নেয়।’

কে এই খুকি
দিল আফরোজ খুকি রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা ছিলেন। দিনভর পরিশ্রম করলেও অনেক কষ্টে জীবনযাপন করতেন। আবার তার উপার্জিত অর্থ থেকে বিভিন্নজনকে সহায়তাও করতেন খুকি।

কিশোরী বয়সে এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হয়েছিল খুকির। তার সংসারের স্থায়িত্ব ছিল মাত্র এক মাস। এরপর খুকির আবার বিয়ে হলেও সেই স্বামী মারা যান। ১২ ভাইবোনের মধ্যে কেউই নিঃসন্তান খুকির দায়িত্ব নেননি।

পৈতৃক ভিটায় সামান্য জায়গায় দুটি ঘর বানিয়ে বসবাস করতে শুরু করেন খুকি। জীবন চালাতে বেছে নেন পত্রিকা বিক্রি। ৪২ বছর ধরে তিনি পত্রিকা বিক্রি করে আসছিলেন। এক সময় খুকি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন।

বেশ কয়েক বছর আগে একটি বেসরকারি টেলিভিশনে খুকিকে নিয়ে একটি সংবাদ প্রচার করেন। এই সংবাদ প্রচারিত হওয়ার পর ব্যাপকভাবে ভাইরাল হয়। এরপর দেশব্যাপী পরিচিতি পান খুকি। অনেকেই খুকির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় খুকির পাশে দাঁড়ায় জেলা প্রশাসন। একজন সংগ্রামী নারী হিসেবে ২০২০ সালে খুকি জয়িতা পুরস্কার পান।

এদিকে সংগ্রামী এই নারীর মৃত্যুতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন গভীর শোক প্রকাশ করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ