রাতে কৃষিমন্ত্রীর বাসায় ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২ ১২:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২ ১২:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করেছেন ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীরা
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে মন্ত্রীর সাথে দেখা করতে রাজধানীর কাকরাইল মসজিদের বিপরীত পাশের গেট দিয়ে তারা মন্ত্রী পাড়ায় প্রবেশ করেন এবং রাত প্রায় ১০টা পর্যন্ত সেখানে অবস্থান করেন।
বহিস্কৃতদের এক সহ-সভাপতি জানান, আমরা কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করে আমাদের বিষয়গুলো উপস্থাপন করেছি। তিনি ছাত্রলীগ দেখভালের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ নেতা আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নাককের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন ৷
উল্লেখ্য, এর আগে ইডেনে গত কয়েকদিন ধরে চলা সংকটের মধ্যে গত রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগ, ইডেন কলেজ শাখার কার্যক্রম স্থগিত ঘোষণা করে ১৬ নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষনা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বহিষ্কৃতরা হলেন, ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি ও সাদিয়া জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার ও কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলীম জান্নাতুল ও সূচনা আক্তার।
জনতার আওয়াজ/আ আ