রাতের দাগী খুনিরা আজ রাষ্ট্র পরিচালনা করছে : রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাতের দাগী খুনিরা আজ রাষ্ট্র পরিচালনা করছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ

 

রাতের দাগী খুনিরা আজ রাষ্ট্র পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, গতকাল দুইজন যুবদলের শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা কি অপরাধ করেছে? তারা কি ফরিদপুরের ছাত্রলীগ নেতার মতো দুই হাজার কোটি টাকা পাচার করার মতো অপরাধ করেছে? মানিকগঞ্জে যুবলীগ নেত্রী গরুর মূলহোতার মতো অপরাধ করেছে?

রিজভী বলেন, যারা একের পর এক ব্যাংক লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। ব্যবস্থা নেয় টুকুদের বিরুদ্ধে, নয়নদের বিরুদ্ধে। নিশীরাতের দাগী খুনিরা আজ রাষ্ট্র পরিচালনা করছে বলেই এমন করছে।

রবিবার (০৪ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, হাসিনা তো অবৈধ সরকার। অন্যায়কারীদের সরকার আর অন্যায়ের বিরুদ্ধে সবার আগে প্রতিবাদ করে কারা? যুবকরা, তাই এই তাদেরকে থামানোর জন্যই যুব নেতাদের গ্রেফতার করা হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা ভুল কৌশল অবলম্বন করেছেন। সর্বনাশা নীতি অবলম্বন করেছেন। টুকুরা গ্রেফতার হলে আরও লক্ষ-কোটি টুকু জেগে উঠবে। রাস্তা-ঘাট সব জায়গায় মিছিলে মিছিলে শ্লোগানে মুখরিত হবে। ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে জনতার তরঙ্গ সৃষ্টি হবে। আর এই ভয়ে শেখ হাসিনা জঙ্গি ধরার নাটক করে বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে। গ্রেফতারের ভীতি সৃষ্টি করে নেতাকর্মীদেরকে নয়া পল্টনে আসা বন্ধ করতে পারবেন না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই প্রতিবাদ সভা দুর্বৃত্তদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে একজন কর্তৃত্ববাদ সরকারের বিরুদ্ধে। এই প্রতিবাদ সভা একজন অপরাধীর বিরুদ্ধে, সেই অপরাধী হচ্ছে বর্তমান সরকার।

টুকু ও নয়নের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে এই নেতা বলেন, অন্যায়ভাবে টুকু ও নয়নকে গ্রেফতার করা হয়েছে। তাদের মুক্তির জোর দাবি জানাচ্ছি। দাবি জানাবো কি? তাদেরকে দ্রুত ছেড়ে দিন। অনেক অন্যায় করেছেন অনেক পাপ করেছেন। অনেক টাকা লুট করেছেন। অপরাধের পাল্লা আর ভারী করবেন না।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মওলা শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ