রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে অবরোধ কর্মসূচি স্থগিত তিতুমীর শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিশ্ব ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসলমানদের যাতায়াতে দুর্ভোগের কথা বিবেচনা করে রেলপথ ও বিশ্বরোড অবরোধ কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক অবরোধ কর্মসূচি পালন অব্যাহত থাকবে। বর্তমানে শিক্ষার্থীরা তিতুমীর ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে এবং রাস্তা অবরোধ করেছে।
রবিববার (২ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি তিতুমীর কলেজের মূল ফটকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় তারা।
সংবাদ সম্মেলনে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলী আহমদ বলেন, ‘আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ছিল। এতে সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। সেজন্য তাদের কথা চিন্তা করে আমরা শুধু আজকের জন্য আমরা রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোয় ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।’
আলী আহমদ বলেন, ‘তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের করা দাবি গত ২৮ বছরের। জুলাই-আগস্টের অভ্যুত্থানে গঠিত সরকারের কাছে নতুন করে দাবি পূরণের আবদার করেছি। এজন্য যতগুলো মাধ্যম ছিল, সব কটি মাধ্যমেই আমরা দাবি জানিয়েছি। সেখান থেকে কোনো সাড়া না পেয়ে সর্বশেষ আমরা অনশন কর্মসূচি দেই। আজ অনশনের পঞ্চম দিনে এসেই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি।’
তিনি আরও বলেন, ‘আমাদের ৩৫ হাজার শিক্ষার্থী দেখছে, তাদের ভাইয়েরা এখানে অনশন করে মরে যাওয়ার উপক্রম হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে না। তাই তারা আল্টিমেটাম দিয়েছে ব্লকেড টু ঢাকা নর্থ সিটি।’
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১২টার দিকে আমতলী সড়কে অবস্থান নেয় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাতে দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তারা বলেছেন, জনভোগান্তি করতে চাই না, অল্প সময়ের জন্য গুলশান ও মহাখালী অবরোধ করে বার্তা দেয়ার চেষ্টা করছি আমরা।
জনতার আওয়াজ/আ আ