লক্ষাধিক প্রাথমিক শিক্ষার্থী ব্যাগ ও স্কুল ড্রেস পাবে: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
এক লাখেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাগ ও স্কুল ড্রেস পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেওয়া সিদ্ধান্ত হয়েছে। প্রথম মাসে আমরা প্রায় ১ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে এই ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেব।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আমাদের দেশে উৎপাদিত পণ্য ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান সারা বিশ্বজুড়ে পৌঁছে দিতে চাই। তার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে। যার মূল উদ্দেশ্য হবে সমতা নিশ্চিত করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ফেয়ারনেস থাকবে, যেখানে ন্যায্যতা থাকবে। আমরা নিশ্চিত করতে পারব যে ধনী এবং দরিদ্রের মধ্যে যে পার্থক্য সেটি যেন কমে আসে। সমাজে যেন কিছু সমতা নিশ্চিত হয়, ন্যায্যতা নিশ্চিত হয়, আমরা সেটি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে ক্লাস ওয়ান থেকে শুরু করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা ধাপে ধাপে দেশে উৎপাদিত এই একই ধরনের পোশাক ও ব্যাগ সবার কাছে পৌঁছে দেব। এই উদ্যোগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভিশন বাংলাদেশে উৎপাদিত পণ্য সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো।
তিনি আরও বলেন, আমরা চেয়েছি পাটের ব্যাগের মাধ্যমে প্রাকৃতিক উপাদানের সঙ্গে যেন আমাদের কোমলমতি শিশুদের লার্নিং শুরু হয় এবং এর মাধ্যমে পাটজাত পণ্য ব্যবহারে মানুষকে উৎসাহিত করাও আমাদের উদ্দেশ্য। আমাদের হারানো ঐতিহ্য, গৌরবকে ফিরিয়ে আনার জন্য কোমলমতি শিশুদের মধ্যে দিয়ে আমরা সিগনাল দিচ্ছি। পলিথিন আমাদের পরিবেশ নষ্ট করে তাই পলিথিন ব্যবহারের অভ্যাস পরিবর্তন করে করে পাটজাত পণ্য ব্যবহারে সবাইকে উৎসাহিত করছি।
জনতার আওয়াজ/আ আ