লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী দুই ভাই মাহফুজ-মাহবুব - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী দুই ভাই মাহফুজ-মাহবুব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি
ফাইল ছবি
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মাহফুজ আলমের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নানা গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলো। একই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি মাহফুজ আলমের ছোট ভাই। তাদের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

মাহফুজ আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম। তিনি জানান, মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং তার ভাই মাহবুব আলম এনসিপির পক্ষ থেকে মনোনয়নপত্র নিয়েছেন। এ পর্যন্ত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে মাহবুব আলম বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার পক্ষে এনসিপির নেতা-কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দিন তার ভাই মাহফুজ আলমের মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

আমি এই এনসিপির অংশ হচ্ছি না
এদিকে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে মাহফুজ আলম বলেছেন, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু আমি এ এনসিপির অংশ হচ্ছি না।

গতকাল রবিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘নাগরিক কমিটি ও এনসিপি জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতাদের নিয়ে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদের পরামর্শ, নির্দেশনা ও পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। আমার অবস্থান স্পষ্ট। নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকনসিলিয়েশন, দায়-দরদের সমাজসহ অনেক কথাই আমি বলেছি। যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা ওই দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু তারা এগুলো ধারণ করতেন? এনসিপিকে একটা বিগ জুলাই আম্ব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সব চেষ্টাই করেছি। কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো এক আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ