শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি ১৭ ডিসেম্বর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি ১৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরা কে কোন আসন পাবেন তা জানতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জোটের শরীক দুই দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আমির হোসেন আমু বলেন, ‘জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন জোটগতভাবে হবে, কাল (বুধবার, ৬ ডিসেম্বর) জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করবে আওয়ামী লীগ।’

সোমবারের (৪ ডিসেম্বর) বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘গতকাল আমাদের ১৪ দলের নেত্রী একটি সভা করেছেন। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। তখন আসনের বিষয়ে কথা উঠে এসেছে।’

এর আগে, বিকেলে আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় যান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।

বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু জানান, জোটের আসন বিন্যাসের বিষয়টি দ্রুত করার তাগিদ দিয়ে গেছেন তারা।

ইনু বলেন, ‘আমরা এমনিই সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। টুকিটাকি আলোচনা করে আসলাম। যাতে উনি (আমির হোসেন আমু) আসন বণ্টনের কাজটা দ্রুততার সঙ্গে শেষ করেন।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি, তিন-চারদিনের ভেতরে এটা নিষ্পত্তি হয়ে যাবে।’

১৪ দলের আসন বণ্টন নিয়ে নানা দর-কষাকষি চলছে। যা মনকষাকষির পর্যায়েও গেছে। এ বিষয়ে জানতে চাইলে জোটের শরিক দলের এই শীর্ষ নেতা বলেন, ‘যে কোনো আসন বণ্টনে একটা দর-কষাকষি হয়, মন কষাকষি হয়। এরপর একটা সমঝোতা হয়। এটা নিয়ে উদ্বেগের কিছু নাই।’

উল্লেখ্য, সোমবার (৪ ডিসেম্বর) রাতে জোটের শরিকরা বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ