শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে : ঈদের জামাত কখন কোথায় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে : ঈদের জামাত কখন কোথায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ

 

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২২ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর ঈদের দিনে মুসলমানদের বিশেষ নামাজ আদায় করতে হয়। সাধারণত খোলা মাঠে বা ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঢাকায় প্রায় ১ হাজার ৪৬৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদগাহ ও মসজিদ মিলিয়ে কোনও কোনও জাগায় একাধিকবার ঈদের নামাজ পড়ানো হবে। ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। হাইকোর্ট সংলগ্ন ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি (নারী-পুরুষ) ঈদের জামাতে অংশ নিতে পারবেন। জাতীয় ঈদগাহের জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিকসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ঢাকাবাসীরা অংশ নেবেন। নারীদের নামাজের জন্য এখানে যেমন আলাদা ব্যবস্থা রয়েছে, তেমনি বের হওয়ার জন্যও আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ঈদুল ফিতরের দিন সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুধু তাই নয়, ঈদের পরের তিন দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির কারণে কমে আসবে তাপমাত্রা। ফলে সারা দেশে এখন যে দাবদাহ বইছে, তাও কমে আসতে পারে।

ঝড়-বৃষ্টি হলে ঈদগাহে যেন পানি ঢুকতে না পারে, সে জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদগাহে। আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতের সাথে একীভূত হবে।

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে, সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ঘোষিত সূচি অনুযায়ী বায়তুল মোকাররমে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারী মো. ইসহাক।

ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।

এর এক ঘণ্টা পরে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। চতুর্থ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ।

পঞ্চম ও সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম এই জামাতে ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম। এ ৫টি জামাতে কোনও ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মওলানা মো. আব্দুল্লাহ।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকার মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ) মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদে সকাল সোয়া ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে ও সকাল ৮টায় জি ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদের অনুষ্ঠিত জামাত হবে। এছাড়া কে ব্লকের মদিনাতুল উলুম মসজিদে সকাল সোয়া ৮টায় এবং এন ব্লকের ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জমঈয়তে আহলে হাদীসের ঈদুল ফিতরের প্রধান জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। উক্ত জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খতীব ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। বংশাল বড় জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ঈদ জামাত আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত সকাল ১০টায় শুরু হবে। এবারের ১৯৬তম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ।

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারা দেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ৪ দফায় ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। এই মডেল মসজিদগুলোতেও এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত আয়োজন করা হবে বলে ইসলামিক ফাউন্ডেশন।

দেশের বড় ঈদগাহগুলোর অন্যতম দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দান এবার অষ্টমবারের মত ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। আয়োজকরা বলে থাকেন, এখানে ৫ লাখ মানুষের একসঙ্গে ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ