শাকিলা ও তারার বিয়েতে প্রধানমন্ত্রীর উপহার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাকিলা ও তারার বিয়েতে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ

 

শাকিলা ইসলাম ও নয়নতারা অভিভাবকহীন দুই কন্যা। বড় হয়েছেন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিম ও প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানেই কেটেছে শৈশব-কৈশোর। এবার বিয়ের পালা।

তাদের জন্য পাত্র ঠিক করেছে প্রশাসন। বিয়েও দিয়েছে ধুমধামে।

বুধবার আলোকসজ্জা রাতে হয় শাকিলা ও নয়নতারার গায়েহলুদ। আজ বৃহস্পতিবার সেই মঞ্চেই বিয়ে। নবদম্পতিদ্বয়কে আশীর্বাদ দিয়েছেন উপস্থিত ৩০০ মেহমান। উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দম্পতির জন্য দুই লাখ টাকা পাঠিয়েছেন তিনি।

এমন আয়োজন ছিল মৌলভীবাজার সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত এতিম ও প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। বিয়েতে দুই কন্যার অভিভাবকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। আজ বৃহস্পতিবার ধুমধাম অনুষ্ঠানে স্থানীয় আল আমিনের সঙ্গে শাকিলার এবং নয়নতারার সঙ্গে মো. সাব্বিরের বিয়ে হয়।

মৌলভীবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী জেনারেল ম্যানেজার এ কে এম মিজানুর রহমান বলেন, ‘শাকিলা ইসলাম ও নয়নতারা আমার মেয়ের মতো। তাদের বিয়েতে যাতে কোনো কমতি না হয়, এ জন্য সব আয়োজন করা হয়েছিল। দুই মেয়ের অনুষ্ঠানে তিন শতাধিক অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়। জেলার সর্বস্তরের মানুষ এ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার দুই কন্যার জন্য দোয়া করেছেন। ’

বুধবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে হয় গায়েহলুদের অনুষ্ঠান। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলার পুলিশ সুপার মো. জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনসহ জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অতিথি ছিলেন। আজ বৃহস্পতিবার ছিল বিয়ের আনুষ্ঠানিকতা।

জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষক মো. শামীমুর রহমান বলেন, ‘দুই তরুণী সিলেট সমাজসেবা পরিচালিত শিশু পরিবার থেকে দুই বছর হলো এখানে এসেছে। নয়নতারা ট্রেইলারিং ও শাকিলা ড্রাইভিং শিখেছে। পাশাপাশি বর আল আমিন টিউবওয়েল মিস্ত্রি এবং সাব্বির আটোরিকশার চালক। ’

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘একজন বাবা তার কন্যাদের যেভাবে বিয়ে দেন তেমনি এই দুই কন্যার বাবা হিসেবে দাঁড়িয়ে থেকে আমি তাদের বিয়ে দিয়েছি। সকল নিয়ম, আনুষ্ঠানিকতায় এই বিয়ে সম্পন্ন হয়। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই নবদম্পতিকে এক লাখ করে টাকা উপহার দেওয়া হয়েছে। ’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ