শান্তি সমাবেশ আপনাদের বাঁচাতে পারবে না, আ.লীগকে নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১২:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১:৫০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের শান্তি সমাবেশ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যেখানেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন- এই সরকার, সরকারি দল তারা শান্তি সমাবেশের ডাক দেয়। মুক্তিযুদ্ধের সময় ছিল শান্তি কমিটি আর এখন করে শান্তি সমাবেশ। শান্তি কমিটি করে তারা টিকতে পারে নাই। শান্তি সমাবেশও আপনাদের বাঁচাতে পারবে না।’
আজ শনিবার বিকেলে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে। প্রতিদিনই গরিব মানুষের কষ্ট বাড়ছে। যারা এ দেশের শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ, যারা হালাল উপার্জন করে। তাদের আর চলার উপায় নাই। তিনি বলেন, এটা রাজনৈতিক সংস্কৃতি না, এটা রাজনৈতিক অপশক্তি। এটা বন্ধ করুন, এ থেকে বিরত থাকুন।
এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা আলমগীর মাহমুদ আলম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ