শিক্ষার্থীদে ত্রাণ ছিনিয়ে নিলেন বিএনপি নেতা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থীদে ত্রাণ ছিনিয়ে নিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নোয়াখালীর কবিরহাটের সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.একরামের বিরুদ্ধে শিক্ষার্থীদের ত্রাণের ৬০০ প্যাকেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই সময় বিএনপি নেতা একরামের অনুসারীরা এক ছাত্রকে কুপিয়ে ও আরেকজনকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে সেনাবাহিনী ও কবিরহাট থানা পুলিশ ছিনিয়ে নেওয়া ত্রাণগুলো উদ্ধার করেন।

এর আগে, ওই দিন বিকেলে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজারে এই ঘটনা ঘটে। মো. সৌরভ (১৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দই বাড়ির জাহের হোসেনের ছেলে।

হামলার শিকার শিক্ষার্থী তাসরিফউর রহমান ওরফে নিহাদ অভিযাগ করে বলেন, উপজেলার কালামুন্সি বাজার এলাকার শিক্ষার্থীরা ঢাকা থেকে ৬০০ প্যাকেট ত্রাণ সামগ্রী সংগ্রহ করে নিজেদের এলাকার বন্যা দুর্গতদের মধ্যে বিতরণ করার জন্য। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ত্রাণের প্যাকেটগুলো কালামুন্সি বাজারে আসে। তখন ইউনিয়ন বিএনপির সভাপতি একরাম নানা অজুহাতে ছাত্রদের ত্রাণগুলো ছিনিয়ে নিয়ে সুন্দলপুর ইউনিয়ন পরিষদে আটকে রাখে।

এ সময় একরাম অনুসারী ছাত্রদল নেতা সোহেলের নেতৃত্বে সৌরভ, রিপাত, নোমান ও বাপ্পী ছাত্রদের ওপর হামলা চালায়। তারা মো. মাইন উদ্দিন আকাশকে (১৬) কুপিয়ে ও নিহাদকে (১৬) বেধড়ক পিটিয়ে আহত করে। পরে ছাত্ররা বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানালে তারা ঘটনাস্থলে এসে ত্রাণ সামগ্রী উদ্ধার করেন।

অভিযোগের বিষয়টি নাকচ করেছেন সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. একরাম। তিনি বলেন, সেখানে ৬০০ নয়, ১৪০-১৫০ প্যাকেট ত্রাণ ছিল।

কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কারের কথা হয়েছে। দলীয় বৈঠকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। ওই ত্রাণ বিতরণের সঙ্গে কয়েকজন ছাত্রলীগের ছেলে জড়িত ছিল। যারা ৫ আগস্টের আগে আমাদের লোকজনকে মারধর করেছে। আসলে ছোট বিষয়টিকে বড় করা হয়েছে।

কবিরহাট থানার ওসি মো. হুমায়ন কবির বলেন, ছাত্রদের ত্রাণগুলো উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। ছাত্ররা লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ