শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত আবেদনটি দুদক চেয়ারম্যান বরাবর দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর।

আবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়ে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বিষয়টি আবেদনকারীদের মারাত্মকভাবে ব্যথিত ও চিন্তিত করেছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগের টিকার সংকট দেখা দিয়েছে, যার ফলে রোগটির প্রকোপ বেড়ে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে।

এতে আরও বলা হয়, হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায় রয়েছে বলে সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় মতামত দিচ্ছেন। পাশাপাশি বর্তমান সরকারও স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকা ও সিরিঞ্জের ঘাটতিকে পূর্ববর্তী সরকারের তৈরি সমস্যা হিসেবে উল্লেখ করছে।

আবেদনে অভিযোগ করা হয়, বিগত অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনে। স্বাস্থ্য খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও তারা সময়মতো প্রয়োজনীয় টিকা সংগ্রহ এবং শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হয়। এর ফলেই বর্তমানে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তা মহামারির দিকে অগ্রসর হচ্ছে।

বিভিন্ন সূত্রের বরাতে আবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজার হাজার শিশু দেশের বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থার অভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় এটি দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া, টিকা ক্রয়ে নতুন পদ্ধতি গ্রহণ এবং সময়মতো পর্যাপ্ত টিকা ও সিরিঞ্জ সংগ্রহ না করার বিষয়টি সম্পর্কে কোনো স্বচ্ছ তথ্য প্রকাশ না করা, এবং বিপুল বাজেট থাকা সত্ত্বেও অর্থের যথাযথ ব্যবহার না হওয়া—এসব বিষয়কে দুর্নীতি ও অনিয়মের ইঙ্গিত হিসেবে তুলে ধরা হয়েছে। বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াতেও টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়মের অভিযোগ প্রকাশিত হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

সবশেষে আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুতর দুর্নীতি ও অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। দেশের স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা এবং শিশুদের জীবন রক্ষার স্বার্থে এসব অভিযোগের বিষয়ে দুদকের মাধ্যমে তদন্ত করা জরুরি। একই সঙ্গে টিকা ক্রয় ও সরবরাহ প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ