শুক্রবার বিকেলে ঢাকায় গণমিছিল করে এলডিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুক্রবার বিকেলে ঢাকায় গণমিছিল করে এলডিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ

 

বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পূর্ব পান্থপথ (এলডিপি কার্যালয়) থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে পুনরায় মগবাজার গিয়ে মিছিল শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন। গণমিছিলে ব্যানার-ফেস্টুন নিয়ে এলডিপির কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

অলি আহমদ বলেন, ‘আমরা বিএনপি ঘোষিত কর্মসূচিগুলো ঐক্যবদ্ধভাবে পালনের অংশ হিসেবে গণমিছিল করছি। বর্তমান সরকার অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। জীবিকা নির্বাহের জন্য মানুষকে আয়ের চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে। মেট্রোরেলসহ মেগা প্রজেক্টের নামে বাংলাদেশ থেকে লক্ষ-হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

‘দেশের শিক্ষাব্যবস্থা আজ বিধ্বস্ত। যার কারণে আগামী দুই-তিন বছর পর প্রশাসন চালানোর জন্য যোগ্য ও মেধাবী জনবল পাওয়া যাবে না। স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস। যার কারণে এক কোটির অধিক মানুষ ভারতে চিকিৎসার জন্য গমন করছে।’

এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘রপ্তানি আজ সংকুচিত হচ্ছে। আমদানির টাকা পরিশোধ করার জন্য ব্যাংকে টাকার অভাব। দেরিতে হলেও বর্তমান সরকার অর্থনৈতিকভাবে বিপদে পড়েছে। এর জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশত্যাগ করতে বাধ্য হবে।’

গণমিছিল পূর্ব সমাবেশে দলটির প্রেসিডিয়াম সদস্য মো. নূরুল আমিন, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ, প্রিন্সিপাল অ্যাডভোকেট সাকলাইন, ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাহবুব রহমান, কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন মিয়াজীসহ কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের নেতারা বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ