‘শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করবেন’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি এ দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারাই ক্ষমতালোভী দল। বিএনপি মানুষের অধিকার হরণকারী এক ফ্যাসিবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন তাদের মুখে গণতন্ত্রের বুলি।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়ায় প্রায় ২ কোটি ৫০ লাখ ব্যয়ে নির্মিত পানিভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপির নিষ্ঠুরতা আর রাজনৈতিক নিপীড়নের যে নজির স্থাপন করেছে সে রেকর্ড কেউ ভাঙতে পারবে না।
বিএনপির উদ্দেশ্য এনামুল হক শামীম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি বিঘ্ন সৃষ্টি করতে নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের যতই চেষ্টা করুক, তারা কখনোই সফল হবে না। জনগণ জেগে ওঠার আগেই হঠকারী রাজনীতির জন্য বিএনপির কর্মী-সমর্থকরা সুযোগসন্ধানী ও মতলববাজ নেতাদের বিরুদ্ধে জেগে উঠেছে।
তিনি আরো বলেন, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ। কাজেই অতীতের মতো আবারও যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। বিএনপির হাঁকডাক লোক দেখানো, কর্মীদের চাঙ্গা রাখার অপকৌশল মাত্র।
এ সময় তিনি বলেন, উন্নয়ন অগ্রগতির কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল নজির স্থাপন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, বর্তমান প্রধান প্রকৌশলী আব্দুল হান্নান, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ সভাপতি ওহাব বেপারী, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমূখ।
জনতার আওয়াজ/আ আ